হবিগঞ্জ, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যারা প্রকৃতির দান ধ্বংস করে তাদের মানুষের শত্র" আখ্যায়িত করে 'বাংলাদেশ পরিবেশ আন্দোলন' (বাপা) এর সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেছেন, "পরিবেশ রক্ষা করতে না পারলে পূর্ব পুরুষের ঋণ শোধ হবে না।"
বৃহত্তর সিলেটের খাসিয়া পুঞ্জি ও পাহাড়ে গাছ কাটা বন্ধের দাবিতে শনিবার হবিগঞ্জে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। হবিগঞ্জের বাহুবল উপজেলার আলীয়া ছড়া খাসিয়া পুঞ্জিতে সমাবেশ করা হয়।
পরিবেশ ধ্বংস করে রাজস্ব সংগ্রহ করা ঠিক নয় মন্তব্য করে মোজাফ্ফর আহমদ বলেন, "পরিবেশ ধ্বংস হয়ে গেলে আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।"
আলীয়া ছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান উ টিয়ান টংপেয়ার এর সভাপতিত্বে সভায় মূল আলোচক ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ জামিল।
বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক স্থপতি ইকবাল হাবীব, সরকারি বৃন্দাবন কলেজের অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক আব্দুজ্জাহের, হবিগঞ্জ পরিবেশ আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন এবং আদিবাসী পরিবেশ রক্ষা আন্দোলন সিলেট অঞ্চলের সমন্বয়ক ফাদার জোসেফ গমেজ।
সভার শুরুতে আলিয়া ছড়া খাসিয়া পুঞ্জির ছেলেমেয়েরা নিজস্ব সঙ্গীত পরিবেশ করে।
কিছুদিন আগে মৌলভীবাজার জেলার সিন্দুরখান ইউনিয়নের নাহার পুঞ্জি, আসলম পুঞ্জি, কাইলিন পুঞ্জি, নাগফুল পুঞ্জি ও রম পুঞ্জি এলাকায় সরকারিভাবে চার হাজার গাছ কেটে ফেলা হয়। ওই সময়ও পরিবেশ আন্দোলন প্রতিবাদ সমাবেশ করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/০০২১ ঘ.
bdnews24