২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা ও পাবনায় চারজন খুন, গ্রেপ্তার ২

খুলনা ও পাবনা পৃথক ঘটনায় চারজনকে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার রাতে ফুলতলা উপজেলায় খুন হয়েছে সাদিয়া আক্তার লিমা (১৭) নামের একজন। এ ঘটনায় পুলিশ তার স্বামীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার দুপুরে খুলনা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে হাসান (২৫) নামের এক যুবক। সকালে পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2008, 03:53 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা ও পাবনা পৃথক ঘটনায় চারজনকে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার রাতে ফুলতলা উপজেলায় খুন হয়েছে সাদিয়া আক্তার লিমা (১৭) নামের একজন। এ ঘটনায় পুলিশ তার স্বামীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার দুপুরে খুলনা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে হাসান (২৫) নামের এক যুবক। সকালে পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছিল। পাবনার সাঁথিয়া উপজেলায় বৃহস্পতিবার রাতে আব্দুর রহমান মোল্লা (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ শুক্রবার তার লাশ উদ্ধার করেছে। সদর উপজেলায় মোখলেছা খাতুনকে (২২) হত্যা করা হয়েছে শ্বাসরোধ করে। এ ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে তার স্বামীকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: খুলনা: সোনাডাঙ্গা থানার কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, শুক্রবার সকাল ১১টার দিকে নগরীর পাওয়ার হাউস মোড়ে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ হাসানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। এসআই আমিরুল জানান, হাসান পিরোজপুর জেলার দুর্গাপুর গ্রামের মুজিবর রহমানের ছেলে। ফুলতলা থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান জানান, উপজেলার দামোদর গ্রামে শ্বাসরোধ করে লিমাকে হত্যা করা হয়েছে। পুলিশের ধারণা পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে তার স্বামী তাহিজুল ইসলাম রনিকে (২০)। এ ঘটনায় লিমার বাবা উপজেলার আলকা গ্রামের ফজলুল হক মোল্লা ফুলতলা থানায় রনি, তার বাবা ওমর ফারুক মোড়ল ও মা রাফিয়া আক্তারকে আসামি করে মামলা করেছেন। পাবনা: জেলা পুলিশ সুপার এএফএম মাসুম রব্বানী জানান, আব্দুর রহমান মোল্লা সাঁথিয়া উপজেলার ইদরাকপুর গ্রামের মজিদ মোল্লার ছেলে। দুর্বৃত্তরা তাকে হত্যার করার পর ইদরাকপুর বিলে ফেলে যায়। শুক্রবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। তিনি জানান, সদর উপজেলার কচুয়া গ্রামে মোখলেছা খাতুনকে যৌতুকের জন্য হত্যা করা হয়েছে বলে তারা ধারণা করছেন। পুলিশ তার স্বামী মিনহাজ প্রামাণিককে (৪০) গ্রেপ্তার করেছে। দুটি ঘটনায় পাবনা সদর ও সাঁথিয়া থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/২১৩৯ ঘ.