২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফসলী জমি অধিগ্রহণ পরিকল্পনার প্রতিবাদে নারায়ণগঞ্জে কৃষক সমাবেশ

সরকারি কাজে ফসলী জমি অধিগ্রহণ পরিকল্পনার প্রতিবাদে নারায়ণগঞ্জ সদর উপজেলায় শুক্রবার দুপুরে কয়েক হাজার কৃষক ও কৃষিজীবী প্রতিবাদ সমাবেশ করেছে। উপজেলার কাশীপুর ও গোগনগর ইউনিয়নে ধলেশ্বরী নদীর তীরবর্তী ৬৫০ বিঘা ফসলী জমি অধিগ্রহণ করা হচ্ছে- এ ধরনের খবর পেয়ে জুম্মার নামাজের আগে নরসিংহপুর এলাকায় তারা এ প্রতিবাদ-সমাবেশ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2008, 02:15 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকারি কাজে ফসলী জমি অধিগ্রহণ পরিকল্পনার প্রতিবাদে নারায়ণগঞ্জ সদর উপজেলায় শুক্রবার দুপুরে কয়েক হাজার কৃষক ও কৃষিজীবী প্রতিবাদ সমাবেশ করেছে। উপজেলার কাশীপুর ও গোগনগর ইউনিয়নে ধলেশ্বরী নদীর তীরবর্তী ৬৫০ বিঘা ফসলী জমি অধিগ্রহণ করা হচ্ছে- এ ধরনের খবর পেয়ে জুম্মার নামাজের আগে নরসিংহপুর এলাকায় তারা এ প্রতিবাদ-সমাবেশ করেন। এলাকার কৃষিজীবী নারী-পুরুষ কাস্তে, কোদাল, লাঙ্গল এবং অধিগ্রহণের প্রতিবাদে ব্যানার, ফেস্টুন নিয়ে সমাবেশে যোগ দেয়। জমি অধিগ্রহণ ঠেকাতে এরই মধ্যে দুই ইউনিয়নের প্রায় ২০ গ্রামের মানুষ ২১ সদস্যের 'কৃষি জমি অধিগ্রহণ প্রতিরোধ কমিটি' করেছে। জমি অধিগ্রহণ পরিকল্পনার বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক এএমএ রহমানের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারের একটি মন্ত্রণালয়ের চিঠি তিনি ইতোমধ্যে পেয়েছেন। তবে জমি অধিগ্রহণের বিষয়টি এখনো একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।" তিনি বলেন, রোববার কার্যালয় খুললে এ ব্যাপারে তিনি বিস্তারিত জানাতে পারবেন। জমি অধিগ্রহণ পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, এই জমিতে বছরে ৩টি ফসল হয়। কৃষি কাজই এলাকাবাসীর জীবিকার প্রধান উৎস। কোনোভাবেই এলাকাবাসী ফসলী জমি অধিগ্রহণ করতে দেবে না। এলাকাবাসী প্রয়োজনে বুকের রক্ত দেবে, কিন্তু জমি দেবে না। অধিগ্রহণ ঠেকাতে প্রয়োজনে ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক অবরোধসহ নিয়মতান্ত্রিক উপায়ে কৃষিজীবীরা আন্দোলন চালিয়ে যাবে বলেও তারা ঘোষণা দেন। কৃষি জমি অধিগ্রহণ প্রতিরোধ কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- আলিমুদ্দীন, ইউসুফ আলী, মোশাররফ হোসেন, গিয়াসউদ্দিন, নূর ইসলাম প্রমুখ। সমাবেশে যোগ দেওয়া স্থানীয় বাসিন্দা এহতেশামুল করীম খোকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকার ২০টি গ্রামের কয়েক হাজার পরিবারসহ ভূমিহীনরাও এসব জমির ওপর নির্ভরশীল। এখন আমন ধান কাটার পরে আলুবীজ বপনের প্রস্তুতি চলছে। তিনি নিজে ইতোমধ্যে আলু চাষের জন্য পাঁচ লাখ টাকা বিনিয়োগ করেছেন। ফসলী জমি অধিগ্রহণ হলে তার মত কয়েক হাজার মানুষ সর্বস্বান্ত হবেন। তিনি জানান, গত একমাস ধরে সরকারের বিভিন্ন দপ্তরের লোকজন নকশা নিয়ে এসে জমি পরিমাপ করছেন। তাদের কাছ থেকেই এলাকাবাসী জেনেছে কেন, কী উদ্দেশ্যে এসব ফসলী জমি অধিগ্রহণ করা হবে। খোকা দাবি করেন, ১৯৫৮ সালে এসব জমি নদী গর্ভে বিলীন হতে থাকে। তবে ১৯৬৬ সাল থেকে আবার চর গড়ে উঠতে শুরু করে। কিন্তু চরে বড় বড় ঘাস আর নলখাগড়া থাকায় স্বাধীনতার পরেও ১৫ বছর লেগে যায় এ জমি আবাদযোগ্য করতে। কাশীপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোমিন শিকদার জানান, এখানকার জমি আলু চাষের জন্য খুবই উপযোগী। সরকার যখন আলু উৎপান বাড়ানোর কথা বলছে, তখনই আলু চাষের জমি অন্য কাজে অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। সরকারের উচিত এসব ফসলী জমি যাতে কৃষিজীবীদের হাত ছাড়া না হয় সেটা নিশ্চিত করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৯ ঘ.