২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও সচেতনতার আহ্বানে ডায়াবেটিস দিবস পালিত

শুধু বয়স্ক মানুষই নয়, শিশুরাও এখন ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। বিশ্ব ডায়াবেটিস দিবসে শুক্রবার এক আলোচনা সভায় একথা জানিয়ে রোগ প্রতিরোধে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2008, 11:13 AM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুধু বয়স্ক মানুষই নয়, শিশুরাও এখন ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। বিশ্ব ডায়াবেটিস দিবসে শুক্রবার এক আলোচনা সভায় একথা জানিয়ে রোগ প্রতিরোধে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। 'শিশুরা যে কোনও বয়সে ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে, আসুন ডায়াবেটিসের ছোবল থেকে শিশুদের রক্ষা করি' এবং 'শিশুদের ডায়াবেটিস' এই স্লোগান ও প্রতিপাদ্য নিয়ে চলতি বছর দিবসটি পালিত হয়। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাণী দিয়েছেন। শুক্রবার সকালে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে বারডেম মিলনায়তনে আলোচনা সভায় জাতীয় অধ্যাপক এমআর খান বলেন, "এখন শিশুদেরও ডায়াবেটিস হচ্ছে। যেসব শিশু ফাস্টফুড, কোমল পানীয় বেশি খায়, খোলাধুলা করে না, কম্পিউটার নিয়ে সময় বেশি কাটায়, তাদেরই এ রোগ বেশি হয়। তবে সচেতন হলেই তা প্রতিরোধ করা যায়।" তিনি আরও বলেন,"এ ক্ষেত্রে শিশু-কিশোরদের বাবা-মাকেই বেশি সচেতন হতে হবে। যদি শিশু ঝিমাতে থাকে, মোটা হয়ে যায়, স্বাভাবিক ওজন বাড়ে না কিংবা বেশি পানির পিপাসা থাকে, তাহলে বুঝতে হবে সে ডায়াবেটিকে আক্রান্ত হয়েছে। তখন তাকে অবশ্যই চিকিৎসকের কাছে নিতে হবে।" অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অধ্যাপক একে আজাদ খান 'ডায়াবেটিস প্রতিরোধে জাতীয় নীতিমালা'র একটি খসড়া প্রস্তাব উপস্থাপন করেন। এতে বলা হয়, "বিশ্বব্যাপী ডায়াবেটিস রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বর্তমানে বিশ্বে এ রোগীর সংখ্যা ২৫ কোটি। বাংলাদেশে তা ৫০ লাখেরও বেশি। যেসব কারণে পৃথিবীতে মানুষ মারা যায়, এর মধ্যে চতুর্থ কারণ হচ্ছে ডায়াবেটিস। এ অবস্থা চলতে থাকলে আগামী ২০২৫ সাল নাগাদ বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা ৩৫ কোটিতে দাঁড়াবে। এর ৮০ শতাংশ রোগীই হবে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের দেশগুলোর বাসিন্দা।" প্রস্তাবে আরও বলা হয়, আমাদের দেশে এখনও ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা তৈরি হয়নি। বিশেষ করে গ্রামের মানুষ এ রোগ বিষয়ে সচেতন নয়। গণসচেতনার মাধ্যমে এ রোগ ৬৫ থেকে ৭০ ভাগ পর্যন্ত প্রতিরোধ করা সম্ভব। কেননা, বাংলাদেশের রোগীদের ৯৫ ভাগই হচ্ছে ইনসুলিন অনির্ভরশীল ডায়াবেটিস। গণসচেতনতার বিভিন্ন মাধ্যম উল্লেখ করে প্রস্তাবে বলা হয়, ভবিষ্যত প্রজন্মকে বাঁচাতে হলে আমাদের এখনই প্রয়োজনীয় কর্মসূচি ও উদ্যোগ গ্রহণ করতে হবে। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন; প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এমএ মালেক, ডায়াবেটিক সমিতির মহাসচিব মো. সাইফ উদ্দিন প্রমুখ। এমএ মালেক বলেন, "এই নীতিমালা যদি আমরা পাস করাতে পারি, তাহলে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়বে। তবে চিকিৎসকদেরও এ বিষয়ে এগিয়ে আসতে হবে। তাদের একটু আন্তরিকতা ও সেবার মনোভাব থাকলে অনেক কিছুই করা সম্ভব।" "তবে দুঃখের বিষয়, অনেক চিকিৎসকই এখন কসাইয়ের মতো আচরণ করেন। তারা নিজেদেরকে টাকা বানানোর মেশিন মনে করেন।" এর আগে সকালে ডায়াবেটিক সমিতির উদ্যোগে মানিক মিয়া এভিনিউ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। এছাড়া সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর ১৫টি স্পটে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অন্যদিকে গাজীপুরের চন্দ্রায় ডায়াবেটিস হাসপাতাল উদ্বোধন করা হয়। বেসরকারি সংস্থা এমিনেন্স সকাল ১০টায় স্কয়ার হাসপাতাল চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. হোসনে আরা তাহমিন, জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ফাতেমা পারভীন চৌধুরী, মার্কিন দূতাবাসের রিজিওনাল মেডিকেল অফিসার মাইকেল জে মরিস প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৭১৫ ঘ.