খুলনা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ^বিদ্যালয়সহ সারাদেশে উদীচী কর্মীদের হত্যার হুমকির প্রতিবাদে উদীচী খুলনা জেলা শাখা বৃহস্পতিবার বিকেলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
নগরীর আহসান আহমেদ রোডে উদীচী জেলা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনের সময় বক্তব্য রাখেন- অধ্যাপক দীপা বন্দোপাধ্যায়, জেলা সাধারণ সম্পাদক সালেহ মোহাম্মদ শহিদুল্লাহ, সাধন দেবনাথ, নাসিমা চৌধুরী প্রমুখ।
গত ৩ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদীচীর মঞ্চস্থ মান্দার নাটকের রসুল মিয়া চরিত্রের মাধ্যমে হযরত মুহাম্মদকে (সঃ) হেয় করা হয়েছে বলে সচেতন ছাত্র সমাজের ব্যানারে ছাত্রশিবির কর্মীরা অভিযোগ করে। এ নিয়ে তারা আন্দোলন এবং একের পর এক নাট্যকর্মীদের আগুনে পুড়িয়ে হত্যা, ক্যাম্পাস থেকে বিতাড়নের হুমকি দিয়ে আসছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জামায়াত ও বিএনপিপন্থী শিক্ষকরাও উদীচী কর্মীদের ক্যাম্পাস থেকে বিতাড়নের হুমকি দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪১ ঘ.
bdnews24