ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক সঙ্গে বসতে দুই নেত্রীর রাজি হওয়া দেশের জন্য 'ইতিবাচক' বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।
তিনি বৃহস্পতিবার ইসি সচিবালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা জেনেছি, এ দুই জন (দুই নেত্রী) বৈঠকে বসতে রাজি হয়েছেন। যেভাবেই হোক, এ ধরনের একটি বৈঠক হলে তা দেশের জন্য খুব ভালো হবে। এ ধরনের উদ্যোগ আগামী নির্বাচনের জন্যও ইতিবাচক।"
দুই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা 'দেশের স্বার্থে' একসঙ্গে আলোচনার টেবিলে বসতে রাজি আছেন বলে বুধবার তাদের দলের নেতারা সাংবাদিকদের জানান। ওই সম্মতি জানার পর উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বৃহস্পতিবার বলেন, সম্ভাব্য ওই বৈঠকের উদ্যোগ নিতে সরকারও প্রস্তুত।
এদিকে ঘোষিত সময়েই নির্বাচন হবে বলে আবারও জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেছেন, "তফসিল অনুযায়ী, আগামী ১৮ ডিসেম্বর জাতীয় সংসদ এবং ২৮ ডিসেম্বর উপজেলা নির্বাচন অনুষ্ঠানে আমরা (ইসি) বদ্ধপরিকর।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/এমআই/১৪০০ ঘ.
bdnews24