নারায়ণগঞ্জ, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুরে বুধবার রাতে সন্ত্রাসীদের গুলিতে এক ব্যবসায়ী নিহত হয়েছে।
নিহতের নাম মো. শাহাজাহান (৫৫)। গুলিতে তার ছেলে মাসুমও (২২) আহত হয়েছে।
রাত পৌনে ১০টার দিকে মদনপুর বাসস্ট্যান্ডে তাদের ওপর গুলি চালানো হয় বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ।
শাহজাহান মদনপুর বাসস্ট্যান্ডের আলফা ডায়গনস্টিক সেন্টার নামে একটি রোগ নিরূপণ কেন্দ্রের মালিক।
ওসি হারুনূর রশীদ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, "রাত পৌনে ১০টায় নিজের ডায়াগনস্টিক সেন্টার থেকে ছেলেকে নিয়ে বেরিয়ে আসার সময় সন্ত্রাসীরা শাহজাহানকে লক্ষ করে গুলি চালায়। মোটরসাইকেল আরোহী দুই সন্ত্রাসী গুলি চালিয়েই পালিয়ে যায়।"
গুলিবিদ্ধ শাহজাহান ও তার ছেলেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে শাহজাহান মারা যায়।
হত্যাকারীদের চিহ্নিত এবং গ্রেপ্তার করতে অভিযান চলছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪৭ ঘ.
bdnews24