ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিএনজি চালিত অটোরিক্সার দৈনিক জমা সরকার নির্ধারিত ৪৫০ টাকা গ্রহণ বাস্তবায়ন করাসহ বিভিন্ন দাবিতে বুধবার মানববন্ধন করেছে ঢাকা মহানগর সিএনজি অটোরিক্সা চালক সংগ্রাম পরিষদ।
সকালে সড়ক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয় বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মানববন্ধন শেষে পুরানা পল্টনের অস্থায়ী কার্যালয়ে এক সভায় অটোরিক্সার দৈনিক জমা ৪৫০টাকা বাস্তবায়ন, সহজশর্তে অটোরিক্সা চালকদের লাইসেন্স প্রদান, প্রতিটি গ্যাস পাম্পে অটোরিক্সার জন্য একটি নজ্ল বরাদ্দ রাখাসহ বিভিন্ন দাবি জানায় সংগঠনের কর্মীরা।
সংগঠনের সভাপতি আব্দুল মান্নাফের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদ মৃধা বাবুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/টিএইচ/এসকে/২২৫৩ঘ.
bdnews24