২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেতাদের মুক্তির দাবিতে চট্টগ্রামে চারদলের সমাবেশ

জোটের তিন শীর্ষনেতা সাইফুর রহমান, মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের গ্রেপ্তারের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে বুধবার সমাবেশ করেছে চারদলীয় জোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2008, 03:52 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

চট্টগ্রাম, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জোটের তিন শীর্ষনেতা সাইফুর রহমান, মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের গ্রেপ্তারের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে বুধবার সমাবেশ করেছে চারদলীয় জোট। বিকেলে নগরীর কাজীর দেউরী মোড়ে বিএনপি কার্যালয়ের সামনে জোটের নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে নেতাকর্মীরা নগর বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করে। মহানগর বিএনপির আহ্বায়ক ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তারা অবিলম্বে সাত দফা দাবি মেনে নিয়ে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে সরকারের প্রতি দাবি জানান। বক্তারা দাবি করেন, সরকার নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। একদিকে সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলে নেতাদের গ্রেপ্তার করে ষড়যন্ত্র করা হচ্ছে। সরকার ইলেকশনের নামে সিলেকশন করতে চাইছে। চারদলীয় জোট সিলেকশনের নির্বাচনে অংশ নেবে না বলে তারা ঘোষণা করেন। সমাবেশে অন্যান্যের মধ্যে সাবেক সাংসদ ও বিএনপি নেতা রোজী কবীর, মহানগর জামায়াতের আমীর মাওলানা শামসুল ইসলাম, বিএনপি নেতা এএমএম নাজিম উদ্দিন, এম এ সবুর, আবু সুফিয়ান, জামায়াত নেতা অধ্যাপক আহসান উল্লাহ, আফসার উদ্দিন চৌধুরী, ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা মহিউদ্দিন রূহী প্রমুখ বক্তব্য দেন। মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের গ্রেপ্তারের প্রতিবাদে নগরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির গত দুদিন ধরেই মিছিল-সমাবেশ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/টিএইচ/এসকে/২১৪৫ঘ.