ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারের সময় কয়লানীতি ও সাগরে খনিজ সম্পদ অনুসন্ধনের চুক্তি (পিএসসি) চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম।
তবে এই সময়ে নবায়নযোগ্য জ্বালানি নীতি চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন তিনি।
বুধবার সিরডাপ মিলনায়তনে 'রোড টু এনার্জি এফিশিয়েন্সি ঢাকা' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তামিম এ কথা বলেন। জ্বালানি বিষয়ক পাক্ষিক পত্রিকা 'এনার্জি অ্যান্ড পাওয়ার' এ আলোচনা সভার আয়েজন করে।
ম তামিম বলেন, "কয়লানীতি ও পিএসসির অনুমোদনের প্রথম প্রস্তাব সফল হয়নি। কয়লানীতি প্রায় চূড়ান্ত। পিএসসি সম্পর্কে উপদেষ্টা পরিষদের বৈঠকে যে বিষয় জানতে চাওয়া হয়েছিল তার উত্তর প্রস্তুত করা হচ্ছে। সামনে যে সময় আছে তাতে মনে হয় না যে এ সরকারের আমলে এটা অনুমোদিত হবে। তবে সরকার নবায়নযোগ্য জ্বালানি নীতি ও 'মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট পলিসি' তৈরি করতে যাচ্ছে। আশা করা হচ্ছে, শিগগিরই এটি উপদেষ্টা পরিষদের অনুমোদন পাবে।"
তিনি বলেন, "বর্তমান সময়ে জ্বালানির যে সঙ্কট তাতে সাশ্রয় তো করতেই হবে সঙ্গে সঙ্গে সংরক্ষণও জরুরি। সাশ্রয়ের সঙ্গে দামের বিষয়টিও জড়িত। মানুষ খুব কম দামি জিনিস সাশ্রয় করে না। তাই জ্বালানির দাম হতে হবে সামঞ্জস্যপূর্ণ।"
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি ও সংরক্ষণের বিষয়টি কেন্দ্রীয়ভাবে মনিটর করার জন্য 'সাসটেইনেবল এনার্জি ডেভেলপমেন্ট অথোরিটি (সেডা)' গঠন করা হচ্ছে। এছাড়া জ্বালানি সংরক্ষণ আইন প্রণয়নের কাজ চলছে। জ্বালানি সংরক্ষণের জন্য একটি পরিচালনা কমিটি করা হয়েছে। কমিটি পাঠ্যপুস্তকের জন্য নিবন্ধ তৈরি, বয়লারের দক্ষতা বাড়ানোর জন্য নিয়ম করা এবং সাভারে আরইবির ২০ হাজার গ্রাহকের মধ্যে সাশ্রয়ী সিএফএল বাল্ব সরবরাহের উদ্যোগ নিয়েছে।
আলোচনা সভায় মূল প্রবন্ধে ড. ইজাজ হোসেন বলেন, ঢাকায় প্রতিদিন বৈদ্যুতিক বাতির জন্য প্রায় পাঁচশ মেগাওয়াট, পাখা ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের জন্য একশ মেগাওয়াট, টিভির জন্য একশ মেগাওয়াট, ইস্ত্রি ও রান্নাঘরের জন্য একশ মেগাওয়াট এবং অন্যান্য কাজে একশ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করা হয়।
তিনি জানান, বিদ্যুত খাতের সবচেয়ে বড় সমস্যা সরবরাহ ব্যবস্থায়। লোডশেডিং এর জন্য শুধু উৎপাদন ঘাটতি নয়, অনেক সময় 'আন্ডার ক্যাপাসিটি কন্ডাক্টরও' দায়ী। এছাড়া টান্সফরমারের ক্ষমতা বৃদ্ধি, বিদ্যুতের ব্যবস্থাপনা এবং বিতরণ লাইনের অবস্থার উন্নতির মাধ্যমে ঢাকার বিদ্যুৎ সমস্যা অনেকখানি কমিয়ে আনা সম্ভব। বিল্ডিং কোড, সোলার রিফ্লেকটিভ গ্লাস ও উন্নত মোটর ব্যবহারের মাধ্যমে জ্বালানি সাশ্রয় করা সম্ভব।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাল্টিমুডের পরিচালক তাবিদ এম আওয়াল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক শহীদুল ইসলাম খান, পিডিবির সাবেক চেয়ারম্যান এএনএম রিজওয়ান ও শামসুল ইসলাম, জিটিজেডের সিনিয়র অ্যাডভাইজার ড. খুরশীদ উল ইসলাম, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সালেহ আহমেদ, ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আতাউল মাসুদ, বিইআরসির সদস্য মোকলেসুর রহমান ও সালাউদ্দিন আহমেদ।
আলোচনা সভায় সঞ্চালক হিসেবে ছিলেন সংবাদ সংস্থা এপি'র বাংলাদেশ ব্যুরো প্রধান ফরিদ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনার্জি এন্ড পাওয়ারের সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/জেকে/২১২২ ঘ.
bdnews24