২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একসঙ্গে বসতে দুই নেত্রীই রাজি

দেশের দুই প্রধান রাজনৈতিক দলের নেত্রী দুই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা 'দেশের স্বার্থে' একসঙ্গে আলোচনার টেবিলে বসতে রাজি। বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে দলটির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান ও আওয়ামী লীগ সভানেত্রীর পক্ষে দলটির মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2008, 02:53 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের দুই প্রধান রাজনৈতিক দলের নেত্রী দুই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা 'দেশের স্বার্থে' একসঙ্গে আলোচনার টেবিলে বসতে রাজি। বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে দলটির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান ও আওয়ামী লীগ সভানেত্রীর পক্ষে দলটির মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান। সন্ধ্যায় নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়া 'দেশ ও জাতির স্বার্থে' কোনো শর্ত ছাড়াই শেখ হাসিনার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। এর আগে সকালে আশরাফ বলেন, খালেদা জিয়ার সঙ্গে আলোচনার জন্য শেখ হাসিনা প্রস্তুত। তবে, সে আলোচনা হতে হবে এজেন্ডাভিত্তিক। চীনের রাষ্ট্রদূত ঝেং কিং ডিয়ান বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন। বৈঠকের পর নজরুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মনে করেন, দেশ ও জাতির কল্যাণে আরেক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। "দেশের অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও নির্বাচন-পরবর্তী সরকারসহ দেশের বিভিন্ন সঙ্কট নিরসনে তাদের মধ্যে আলোচনা হতে পরে। দেশকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়েও তারা বসতে পারেন।" এক প্রশ্নের জবাবে এই বিএনপি নেতা বলেন, "শেখ হাসিনার পক্ষ থেকে আলোচনার এই উদ্যোগ নেওয়া হলে তা সাদরে গ্রহণ করা হবে।" সরকার একই উদ্যোগ নিলে খালেদা জিয়া তাতে সাড়া দেবেন কি না জানতে চাইলে নজরুল বলেন, "সরকারের এ উদ্যোগ নেওয়ার প্রয়োজন হবে বলে মনে হয় না। তবে সরকারের উদ্যোগেও বিএনপি চেয়ারপারসনের আপত্তি নেই। যে পক্ষ থেকেই উদ্যোগ আসুক, তা গ্রহণ করা হবে। এদিকে ইতালি, নেদারল্যান্ডস ও সুইডেনের রাষ্ট্রদূতরা সকালে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাসা সুধাসদনে গিয়ে তার সঙ্গে দেখা করেন। নেদারল্যান্ডের রাষ্ট্রদূত বিয়া এম টেন টুশ্যার , সুইডেনের রাষ্ট্রদূত বিট এফ হাগস্ট্রম ও ইতালির রাষ্ট্রদূত ইতালা ওক্কির সঙ্গে হাসিনার বৈঠকের পর সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার সঙ্গে আলোচনার জন্য শেখ হাসিনা প্রস্তুত। তবে "শুধু চা খাওয়ার জন্য নয়, আলোচনা হতে হবে আলোচনার জন্য।" হাসিনার সঙ্গে বৈঠকের পর সুইডিশ দূত বিট এফ হ্যাগস্ট্রম সাংবাদিকদের বলেন, "আমরা আশা করি, ঘোষিত সময়েই সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে। নির্বাচনের পর সংসদকে কার্যকর করতে সবার সহাবস্থান থাকা উচিত।" খালেদা-হাসিনাকে একত্রে বসানোর বিষয়টি কয়েকমাস আগে আলোচনায় তোলে সরকার। ওই সময় দুই নেত্রীর আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকও একই কথা বলেন। তীব্র রাজনৈতিক বৈরিতার জন্য পরিচিত দুই নেত্রী খুব কমই পরস্পরের সঙ্গে বসেছেন। নব্বইয়ের গণতন্ত্রকামী আন্দোলনের পর সংবিধানের দ্বাদশ সংশোধনীর ব্যাপারে ঐক্যমতের সময়সহ যে গুটিকয়েকবার তারা একসঙ্গে বসেছেন তা দেশবাসীর মনে নতুন প্রত্যাশার জন্ম দেয়। খালেদা জিয়ার জামিনে মুক্তির পরপরই গত ১১ সেপ্টেম্বর উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, "রাজনৈতিক সঙ্কট নিরসনে এবং রাজনীতিতে সুস্থ ধারা ফিরিয়ে আনতে দেশের দুই শীর্ষ নেত্রীকে এক টেবিলে বসানোর উদ্যোগ নেওয়া হবে। আমরা আশা করব, তারা এতে শুধু আগ্রহীই নন, উদ্যোগীও হবেন।" এরপর এ উদ্যোগ সফল করতে ব্যারিস্টার রফিকের দ্বারস্থ হয় সরকার। ব্যারিস্টার রফিক শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করে বলেন, আওয়ামী লীগ সভানেত্রীর কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। খালেদার সঙ্গে বৈঠকের পর হোসেন জিল্লুরও বলেন, বিএনপি চেয়ারপারসনের মনোভাব ইতিবাচক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জেকে/এসকে/২৩৪৫ঘ.