বাগেরহাট, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাট শহরের নাগেরবাজারে নামবিহীন একটি কারখানার থেকে মঙ্গলবার বিকেলে ভেজাল সন্দেহে প্রায় সাড়ে পাঁচ হাজার কেজি নারিকেল তেল আটক করেছে পুলিশ।
তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
আটককৃত তেলের মধ্যে রয়েছে- প্রতিটি ১৯২ কেজির এগারোটি ব্যারেল, পাঁচ ডালিম, শালিমার, আদর্শ মিনার ও তিন গাছ ব্র্যান্ডের প্রতিটি আট থেকে ১৬ কেজি ওজনের ২৪টি কন্টেইনার এবং লেভেলবিহীন প্রায় তিন হাজার চল্লিশ কেজি তেল।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, বাগেরহাট সদর থানা পুলিশ ভোররাত থেকে মিলটি ঘেরাও করে রাখে। পরে বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন ও খুলনা বিএসটিআই'র মাঠ কর্মকর্তা ছাইফুর রহমানের উপস্থিতিতে দুপুরে কারখানার তালা খুলে দুটি গুদামে সংরক্ষিত পাঁচ হাজার ৫২০ কেজি তেল জব্দ করা হয়। সন্ধ্যায় মিলটি সিলগালা করে দেওয়া হয়েছে।
তিনি জানান, মিলটি স্থানীয়ভাবে 'দারোগার মিল' নামে পরিচিত।
পণ্যের মান নিয়ন্ত্রক সংস্থা-বিএসটিআই'র মাঠ কর্মকর্তা মো. ছাইফুর রহমান সাংবাদিকদের বলেন, আটক ব্র্যান্ডগুলোর তেল বাজারজাত করার জন্য বিএসটিআই'র অনুমোদন নেওয়া হয়নি। তেলের নমুনা খুলনা পরীক্ষাগারে পরীক্ষা করা হবে। তেলে ভেজাল আছে কিনা তখন জানা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১২ ঘ.
bdnews24