ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৩ বার তারিখ পিছিয়ে অভিযোগ গঠনের পর এবার ২১ আগস্ট মামলার সাক্ষ্যগ্রহণও দুই বার পেছালো।
গত বুধবার এ মামলার বিচার শুরুর কথা ছিল। কিন্তু সেদিন শুরু করা যায়নি। ওই দিন বিচারক মঙ্গলবার (১১ নভেম্বর) সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য করেন।
কিন্তু এই ধার্য দিনে এক আসামির আবেদনের পরিপ্রেক্ষিতে তারিখ পিছিয়ে আগামী ১৭ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন ঢাকার ১ নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক মাসদার হোসেন।
মঙ্গলবার আদালতে সময়ের আবেদন করেন আসামি মাওলানা আবু তাহের।
তার আইনজীবী ফয়সাল হাসান আরিফ আদালতে বলেন, মামলার অভিযোগ গঠনের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়েছে, যা শুনানির অপেক্ষায় রয়েছে।
তখন বিচারক আগামী ১৭ নভেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
মামলার বাদি মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ ফারুক আহমেদ আগের দিনের মতো মঙ্গলবার সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত ছিলেন।
এদিকে মামলার আসামি সাবেক শিক্ষা উপমন্ত্রী ও বিএনপি নেতা আবদুস সালাম পিন্টু আদালত ভবনের ৫ম তলায় ওঠার লিফটি চালু করার আবেদন জানান।
ওই আবেদনে বলা হয়, পিন্টু কোমর ও ঘাড়ে ব্যাথার চিকিৎসা নিচ্ছেন। হেঁটে আদালত ভবনের ৫ তলায় উঠতে তার বেশ সমস্যা হয়।
এদিন পিন্টু, মুফতি হান্নানসহ এ মামলার ১৩ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ মামলায় জামিনপ্রাপ্ত, কিন্তু ২০০১ সালে রমনা বটমূলে বোমা হামলার মামলায় গ্রেপ্তার শাহাদাৎ উল্লাহ জুয়েকেও আদালতে হাজির করা হয়।
মামলার বাকি আট আসামি পলাতক রয়েছে।
আলোচিত এ মামলায় ১৩ বার তারিখ পেছানোর পর গত ২৮ অক্টোবর অভিযোগ গঠন হয়। গ্রেনেড হামলার ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা করলেও হত্যা ও বিস্ফোরক আইনে দুটি অভিযোগপত্রের ভিত্তিতে দুটি মামলা হিসেবে এটি এখন চলছে।
তদন্ত কর্মকর্তা পরিবর্তনসহ দীর্ঘসূত্রতার পর গত ১১ জুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার ফজলুল কবির দুটি অভিযোগপত্র আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলার এ মামলায় সালাম পিণ্টু, জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নানসহ ২২ জন আসামি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৮৪৫ ঘ.
bdnews24