ফরিদপুর, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী বাজারে মঙ্গলবার ভোরে আগুন লেগে ১২টি পাটের বড় দোকানসহ ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
এর আগে সোমবার সন্ধায় একই বাজারে আগুনে পুড়ে গেছে ১২টি দোকান।
কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান সাংবাদিকদের জানান, ভোর সোয়া ৬টার দিকে বাজারের পুরনো ফেরী ঘাট এলাকার একটি পাটের দোকানে আগুন লাগে। এরপর আশপাশে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মাগুরা, বোয়ালমারী ও ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে আসে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় দমকলকর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়।
আগুনে ১২টি পাটের দোকান, একটি বেকারি ও একটি আসবাবপত্রের দোকান পুড়ে গেছে বলে তিনি জানান।
ইউপি চেয়ারম্যান বলেন, "শুধু পাটের দোকানেই আগুন লাগছে। আমার ধারণা কোন চক্র উদ্দেশ্যমূলকভাবে এ অপকর্ম করছে।"
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আশরাফউদ্দিন জানান, বাজারের বড় বড় পাটের দোকানগুলো পুড়ে গেছে।
তিনি বলেন, "আমরা উপজেলার বড় বড় বাজারের ব্যবসায়ীদের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬১৪ ঘ.
bdnews24