২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় অস্ত্র ও জাল নোটসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও মন্দির সমিতির উপদেষ্টা রাজেশ্বর দাসকে সোমবার ভোররাতে অস্ত্র ও জাল নোটসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2008, 03:10 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

সাতক্ষীরা,নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও মন্দির সমিতির উপদেষ্টা রাজেশ্বর দাসকে সোমবার ভোররাতে অস্ত্র ও জাল নোটসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব সদস্যরা তার বাড়ি তল্লাশি করে ছয়টি দেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি ও ২০ হাজার টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করে। রাজশ্বেরকে আশাশুনি থানায় সোপর্দ করা হয়েছে। তবে রাজেশ্বর সাংবাদিকদের কাছে দাবি করেছেন, তার বাড়ি থেকে অস্ত্র, গুলি ও জাল নোট উদ্ধারের ঘটনাটি সাজানো। আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষরা এমনকিছু করতে পারে সেটা আগেই আশঙ্কা করেছিলেন তিনি। তাই আশাশুনি থানায় জিডিও করেছিলেন। র‌্যাব-৬ (খুলনা) এর ক্যাপ্টেন মাহবুবুর রহমান জানান, উপজেলার সরাপপুর গ্রামের রাজেশ্বর দাসের বাড়ির ষ্টোর রুমের বারান্দা থেকে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বাড়ির দোতলার বারান্দার একটি পানির ট্যাংকির নিচ থেকে উদ্ধার করা হয় ৪০টি ৫০০ টাকা মূল্যমানের জাল নোট। তিনি জানান, অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনাটি ষড়যন্ত্রমূলক মনে হওয়ায় আটককৃত রাজেশ্বরের বিরুদ্ধে শুধু জাল টাকা রাখার অভিযোগে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫২ ঘ.