ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজারের সব ব্র্যান্ডের গুঁড়োদুধের নমুনা সংগ্রহ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ, আণবিক শক্তি কমিশন ও বিএসটিআইয়ের মাধ্যমে পরীক্ষা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
ডিপ্লোমা, রেডকাউ, ডানো, ইয়াশলি-১, ইয়াশলি-২, সুইট বেবি-২, নিডো, এনলিন এই ৮ ব্র্যান্ডের গুঁড়োদুধে মেলামিনের উপস্থিতি পরীক্ষা করে আগামী ২১ দিনের মধ্যে আদালতে জমা দিতে হবে। এছাড়া অন্য সব ব্র্যান্ডের গুঁড়োদুধ পরীক্ষার প্রতিবেদন 'যতো দ্রুত সম্ভব' জমা দিতে বলেছে আদালত।
এই ২১ দিনে ডিপ্লোমা, রেডকাউ, ডানো, নিডো ও এনলিন ব্র্যান্ডের দুধ বিক্রির ওপর নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হয়েছে।
বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
আদালতের আদেশে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ, আণবিক শক্তি কমিশন, বিএসটিআই ও মালিকপক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে বাজার থেকে নমুনা সংগ্রহ করতে হবে।
এছাড়া গুঁড়োদুধে মেলামিনের উপস্থিতি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কি না- এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতামত সংগ্রহ করে আগামী ২১ দিনের মধ্যে আদালতকে জানানোর জন্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।
হাইকোর্ট গত ৬ নভেম্বর গুঁড়োদুধে মেলামিন পরীক্ষার প্রতিবেদন তলব করে। গত রোববার সরকার এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা দেয়।
সোমবার গুঁড়োদুধ উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান নেসলের পক্ষে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ডিপ্লোমা ও রেডকাউয়ের পক্ষে মাহমুদুল ইসলাম ও ডানোর পক্ষে ব্যারিস্টার তানিয়া আমীর শুনানিতে অংশ নেন। তারা এসব ব্র্যান্ডের গুঁড়োদুধ বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানান।
অন্যদিকে রিটকারী সংস্থা 'হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ' এর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরশেদ এসব ব্র্যান্ডের গুঁড়োদুধ আবার পরীক্ষা করার আদেশ দিতে আদালতের কাছে আবেদন জানান।
সরকার পক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/২০১৫ঘ.
bdnews24