ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে অনুত্তীর্ণরা (বাতিল ফলাফলে উত্তীর্ণ) নিয়োগের দাবিতে 'আমরণ অনশন' কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সোমবার আন্দোলনকারীদের একজন আত্মাহুতির চেষ্টা করলে পুলিশি বাধায় তা ব্যর্থ হয়।
অন্যদিকে, দ্বিতীয় ফলাফলে চূড়ান্তভাবে উত্তীর্ণরা দ্রুত নিয়োগের দাবিতে প্রতিদিন এক ঘণ্টার প্রতীকী অনশন ও মানববন্ধন কর্মসূচি পালন অব্যাহত রেখেছে।
কেন্দ্রীয় শহীদ মিনারে 'আমরণ অনশনে' অংশ নেওয়া মো. আবু তালেব সোমবার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগানোর চেষ্টা করেন। তবে পুলিশ সদস্যদের বাধায় তিনি ব্যর্থ হন। আবু তালেব প্রথমবারের ফলাফলে কৃষি ক্যাডারে উত্তীর্ণ হয়েছিলেন।
অনশনকারীরা তাদের ব্যাপারে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে।
এদিকে, দুই ফলাফলেই উত্তীর্ণ ৪৩ জন প্রার্থীও প্রথমবারের ফল অনুযায়ী নিয়োগের দাবি জানিয়েছেন।
বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ৪৩ প্রার্থীর পক্ষে সংবাদ সম্মেলনে বলা হয়, দ্বিতীয়বার ফল কিছুটা খারাপ হওয়ায় তারা সামাজিকভাবে হেয় হয়েছেন।
সংবাদ সম্মেলনে এ রকম এক প্রার্থী ভূ ধর চন্দ্র গাইনের নাম জানিয়ে বলা হয়, প্রথমবার তিনি পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হলেও দ্বিতীয় ফলাফলে শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন। এছাড়া, নুসরাত জাহান প্রথম ফলাফলে পররাষ্ট্র ক্যাডার এবং পরেরবার প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন।
লিখিত বক্তব্যে বলা হয়, প্রথম ফলাফলের বিরুদ্ধে কোনো অভিযোগ এখনো প্রমাণিত হয়নি। সেক্ষেত্রে ওই ফলাফলের ভিত্তিতে নিয়োগ দেওয়া হলে ভবিষ্যতে কোনো আইনি জটিলতায় পড়ার সম্ভাবনা নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএনডি/এমআই/১৯১৬ ঘ.
bdnews24