নীলফামারী, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারীতে সাংবাদিকদের ওপর জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
গত ৪ নভেম্বর নীলফামারীতে জাপার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের নেতৃত্বে দলের কর্মীরা সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে আহত হন ইটিভির প্রতিনিধি মঞ্জুরুল আলম সিয়ামসহ ছয় সাংবাদিক।
এ হামলার প্রতিবাদে সোমবার সকালে শহরের স্বাধীনতা অম্লান স্মৃতিস্তম্ভ চত্ত্বরে মানববন্ধ কর্মসূচি পালন করে স্থানীয় সাংবাদিকরা। এ সময় হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করে বক্তব্য রাখেন- প্রবীণ সাংবাদিক মোজাহিদ বিন খয়রাত, নীলফামারী প্রেসক্লাবের আহ্বায়ক শামসুল ইসলাম, আসাদুজ্জামান টিপু, আনজারুল জুয়েল, আব্দুল গফুর, ভূবন রায় নিখিল, সিদ্দিক কাজল, সাদেক আনোয়ার প্রিন্স প্রমুখ।
সাংবাদিকদের এ কর্মসূচির সঙ্গে নীলফামারী হকার সমিতি ও পত্রিকা এজেন্টরা একাত্মতা প্রকাশ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪৪ ঘ.
bdnews24