২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বিচার ও নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিতে রাবিতে মানববন্ধন

যুদ্ধাপরাধীদের বিচার এবং নির্বাচনে তাদের অযোগ্য ঘোষণার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ড ইউনিট সোমবার ক্যাম্পাসে মানববন্ধন ও পতাকা মিছিল করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2008, 10:15 AM

Updated : 26 Aug 2022, 02:39 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুদ্ধাপরাধীদের বিচার এবং নির্বাচনে তাদের অযোগ্য ঘোষণার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ড ইউনিট সোমবার ক্যাম্পাসে মানববন্ধন ও পতাকা মিছিল করেছে। দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তারা মানববন্ধন কর্মসূচি পালন করে। কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মুক্তিযোদ্ধার সন্তান, প্রগতিশীল শিক্ষক-শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধা সংসদ নেতারা অংশ নেন। এদের মধ্যে ছিলেন- প্রগতিশীল শিক্ষক সমাজের আহবায়ক অধ্যাপক মোজাফফর হোসেন, রাবি শাখা বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক মোখলেসুর রহমান, অধ্যাপক আব্দুস সোবহান, এম নুরুল্লাহ্, আনন্দ কুমার সাহা, মলয় কুমার ভৌমিক, শামসুদ্দিন ইলিয়াস, সোহরাব আলী, হাসিবুল আলম প্রধান, রেজাউল করিম, ওসমান গণি, রাবি শাখা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা তাজিমুল হক প্রমূখ। মানববন্ধনের পর দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় পতাকা নিয়ে একটি মিছিল বের করে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগার চত্ত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- রাবি শাখা মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ড ইউনিটের আহবায়ক শেখ জিন্নাহ আল মামুুন, সাবেক আহবায়ক মাসুদ রানা, সদস্য রেদোয়ান আহমেদ, আখতারুল কবীর প্রমুখ। মুক্তিযোদ্ধান সন্তান কমান্ডের নেতারা সেক্টর কমান্ডরস ফোরামের করা তালিকার ৫০ যুদ্ধাপরাধীর বিচার এবং নির্বাচনসহ সকল সামাজিক কর্মকাণ্ডে তাদের অযোগ্য ঘোষণার দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬০৬ ঘ.