ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় পুকুরিয়া খনি দুর্নীতি মামলার তিন আসামি বিএনপি নেতা সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান, জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী এবং সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে কারাগারে নেওয়া হয়েছে। জানাচ্ছেন লিটন হায়দার ও প্রদীপ চৌধুরী।
সোমবার দুপুরে আদালতের নির্দেশের পর সংসদ ভবনের বিশেষ আদালত থেকে প্রিজন ভ্যান তাদের নিয়ে কারাগারের পথে রওনা হয়। বেলা সোয়া ৩টার দিকে তিন জনকেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢোকানো হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন উপমহা কারা-পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী।
এর আগে দুপুর ২টার পর সংসদ ভবনের বিশেষ জজ আদালত-২ এর বিচারক একে রায় সাইফুর, নিজামী ও মুজাহিদকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সকালে তিন আসামি আদালতে উপস্থিত হন। তাদের উপস্থিতিতে দুপুর ১টার দিকে শুনানি শুরু হয়।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা তাদের জামিন বহাল রেখে শুনানি মুলতবির আবেদন জানায়। তবে সরকারপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, তারা জামিনে নেই। অবিলম্বে তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হোক।
সকাল ১০টার দিকে প্রথমে নিজামী, এর ১৫ মিনিট পর মুজাহিদ এবং সাড়ে ১১টায় সাইফুর আদালতে আসেন।
তিনজনকেই উচ্চ আদালত সোমবারের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল।
একই মামলায় রোববার দুপুরে বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান আরেক বিএনপি নেতা সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন। তবে আদালত তার আবেদন নামঞ্জুর করে তাকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
সোমবার সকাল থেকে সংসদ ভবনের পূর্ব দিকের প্রবেশপথসহ চারপাশে জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরের হাজার খানেক কর্মী-সমর্থক সমবেত হয়। তারা সরকারবিরোধী স্লোগানও দেয়। নিজামী ও মুজাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হলে জামায়াত সমর্থকরা রাস্তা আটকে প্রতিবাদ সমাবেশ করে।
এ কারণে কয়েক ঘণ্টা খামারবাড়ি থেকে বিজয় সরণী পর্যন্ত সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল।
গত ২৬ ফেব্র"য়ারি খালেদা জিয়া ও সাবেক ১০ মন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় দুর্নীতি দমন কমিশন খনি দুর্নীতি মামলা দায়ের করে। গত ৫ অক্টোবর ১৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
অভিযোগপত্রে বলা হয়, চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করায় সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি হয়েছে।
গত ৬ অক্টোবর আদালত আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ মামলার নয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয়। কিন্তু পুলিশ মুজাহিদকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়। যদিও ওই সময়ে মুজাহিদকে সরকারের সঙ্গে সংলাপসহ দলীয় বিভিন্ন কর্মসূচিতে দেখা যায়।
মুজাহিদ ১৯ অক্টোবর জামিনের আবেদন নিয়ে হাইকোর্টে যান। তবে হাইকোর্ট জামিন না দিয়ে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়।
খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলার কার্যক্রমের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এলএইচ/এফএফ/এজে/জিএনএ/এমআই/১৬০০ ঘ.
bdnews24