২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বাসচাপায় দুই স্কুলছাত্রী নিহত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোমবার সকালে বাসচাপায় দুই স্কুলছাত্রী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2008, 08:07 AM

Updated : 26 Aug 2022, 02:39 PM

মুন্সীগঞ্জ, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোমবার সকালে বাসচাপায় দুই স্কুলছাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এ কারণে এক ঘণ্টা দেশের অন্যতম ব্যস্ত ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল। সকাল ৮টার দিকে বাউশিয়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক। নিহতরা হলো- সুলতানা আক্তার (১৪) ও শাহনাজ আক্তার (১৪)। তাদের দুই জনেরই বাড়ি বাউশিয়ার মধ্যকান্দী গ্রামে। তারা বাউশিয়া এমএ আজাহার উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়তো। পুলিশ কর্মকর্তা ওমর ফারুক সাংবাদিকদের বলেন, "সুলতানা ও শাহনাজ স্কুলে যাওয়ার উদ্দেশ্যে অটোরিকশার জন্য বাউশিয়া বাজারে মহাসড়কের পাশে অপেক্ষা করছিল। ওই সময় চাঁদপুরের মতলব থেকে ঢাকাগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে তারা ঘটনাস্থলেই মারা যায়।" বাসটি দুই ছাত্রীকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় বলে ওসি জানান। এতে বেশ কয়েকজন বাসযাত্রী আহত হন। তাদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে একটি বাস ভাংচুর করে এবং ততে আগুন ধরিয়ে দেয়। এ কারণে সকাল সোয়া ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করে। ওসি ওমর ফারুক বলেন, "৯টার পর থেকে গাড়ি চলাচল স্বাভাবিক।" দুই ছাত্রীর লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪০৫ ঘ.