২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কূটনৈতিক তৎপরতায় মিয়ানমার রিগ সরাতে বাধ্য হয়েছে: সচিব

বাংলাদেশের জলসীমায় খনিজ অনুসন্ধানের রিগ না বসানোর আহ্বান জানিয়ে দক্ষিণ কোরিয়াভিত্তিক কোম্পানি দাইয়ুকে সরকার চিঠি দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2008, 04:48 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের জলসীমায় খনিজ অনুসন্ধানের রিগ না বসানোর আহ্বান জানিয়ে দক্ষিণ কোরিয়াভিত্তিক কোম্পানি দাইয়ুকে সরকার চিঠি দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সদ্য মিয়ানমার থেকে ফেরা সচিব বলেন, "বঙ্গোপসাগরের বিতর্কিত এলাকা থেকে রিগ সরিয়ে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য মিয়ানমারের অন্য ব্লকে তা স্থাপন করার কথা জানিয়েছে দাইয়ু। তাই আমাদের জলসীমানা উল্লেখ করে এই এলাকার মধ্যে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য রিগ না বসাতে দাইয়ুকে চিঠি দেব আমরা।" সঙ্কট নিরসনে বাংলাদেশ দ্রুত কূটনৈতিক উদ্যোগ না নিলে মিয়ানমার রিগ সরাতো না বলে দাবি করেন তৌহিদ হোসেন। সচিব বলেন, "রিগ সরানোর বিষয়ে মিয়ানমারের কোনো আগ্রহ ছিলো না। কিন্তু আমাদের কূটনৈতিক তৎপরতার কারণেই তারা রিগ সরাতে বাধ্য হয়েছে।" তিনি বলেন, "মিয়ানমারের সমুদ্রসীমা চিহ্নিতকরণ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত উপমন্ত্রী মঙ মাইতের সঙ্গে আমার বৈঠক হয়েছে। তেল-গ্যাস অনুসন্ধান চালানোর জায়গাটি বিতর্কিত এলাকায় হওয়ার কথা তিনি অস্বীকার করেছেন। মিয়ানমার সরকারও রিগ সরাতে রাজি ছিলো না। কিন্তু দাইয়ু রোববার বেলা ১২টার দিকে রিগ সরিয়ে নেয়।" মিয়ানমার গত সপ্তাহে বঙ্গোপসাগরের যে বিতর্কিত এলাকায় অনুসন্ধান কাজ শুরু করে, ১৯৭৪ সালের সমুদ্রসীমা আইন অনুযায়ী ওই এলাকা বাংলাদেশের অংশ। কিন্তু মিয়ানমার ওই আইন মানছে না এবং বিতর্কিত এলাকাকে মীমাংসার আগেই নিজ দেশের অংশ হিসেবে দাবি করছে। মিয়ানমার বঙ্গোপসাগরের বিতর্কিত এলাকায় তেল-গ্যাস অনুসন্ধানের কাজ শুরু করায় চীন ও কোরীয় রাষ্ট্রদূতকে চিঠি দিয়ে এ বিষয়ে বাংলাদেশের অবস্থানের কথা জানায় সরকার। মিয়ানমার তাদের অনুসন্ধান কাজ শেষ করেই রিগ সরিয়েছে- সাংবাদিকদের এমন বক্তব্যের প্রতিবাদ করে সচিব বলেন, "গত সেপ্টেম্বর মাস থেকে বিতর্কিত এলাকায় মিয়ানমারের নৌযানগুলো আনাগোনা শুরু করে। বিশেষজ্ঞদের বক্তব্য হচ্ছে, অনুসন্ধান কাজ শেষ করতে দাইয়ু কোম্পানির দু থেকে তিন মাস ওই এলাকায় কার্যক্রম চালাতে হবে।" পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকতারা বলেন, মিয়ানমারের জান্তা সরকার ২০০৫ সালে 'গোপনে' দাইয়ু কোম্পানিকে ওই স্থানে তেল-গ্যাস অনুসন্ধানের কাজ দেয়। এজন্য কোনো প্রকাশ্য দরপত্র আহ্বান করা হয়নি। তৌহিদ হোসেন জানান, জাতিসংঘের সময়সীমা শেষ হওয়ার দুবছর আগেই ২০০৯ সালের মধ্যে বাংলাদেশ তার সমুদ্রসীমা চিহ্নিত করার কাজ শেষ করবে। সমুদ্রসীমা চিহ্নিতকরণ বিষয়ক ১৯৮২ সালের জাতিসংঘ সনদ অনুযায়ী বাংলাদেশ ও মিয়ানমার আলোচনা শুরু করেছে। তবে ১৯৭৪ সালের আইন জাতিসংঘ সনদের সঙ্গে কিছু ক্ষেত্রে অসামঞ্জস্যপূর্ণ। নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দাইয়ু জানতো না এলাকাটি নিয়ে দুদেশের মধ্যে বিতর্ক রয়েছে। বাংলাদেশ অনুসন্ধান কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পরই বিষয়টি তারা প্রথম জানতে পারে।" আন্তর্জাতিক রীতি অনুযায়ী স্বাভাবিকভাবে কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান বিতর্কিত জলসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে যায় না জানিয়ে তিনি বলেন, "দক্ষিণ কোরীয় সরকারের কাছে প্রতিবাদ জানিয়ে চিঠি পাঠানো একটি ভালো পদক্ষেপ ছিল। এ কারণেই দাইয়ু তাদের কার্যক্রম বন্ধ করেছে।" গত সপ্তাহে সেন্ট মার্টিন দ্বীপের ৬০ নটিক্যাল মাইল দক্ষিণে বিরোধপূর্ণ জলসীমায় মিয়ানমার তেল-গ্যাস অনুসন্ধান কাজ শুরু করলে দুদেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বাংলাদেশ ও মিয়ানমার দু'দেশই বঙ্গোপসাগরের ওই স্থানকে নিজেদের দাবি করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসকে/২২৪০ঘ.