২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূর হোসেন দিবস সোমবার

শহীদ নূর হোসেন দিবস ১০ নভেম্বর সোমবার। ১৯৮৭ সালের এই দিনে জেনারেল এরশাদের স্বৈরশাসনবিরোধী আন্দোলনে নূর হোসেন ঢাকায় পুলিশের গুলিতে নিহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2008, 03:50 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শহীদ নূর হোসেন দিবস ১০ নভেম্বর সোমবার। ১৯৮৭ সালের এই দিনে জেনারেল এরশাদের স্বৈরশাসনবিরোধী আন্দোলনে নূর হোসেন ঢাকায় পুলিশের গুলিতে নিহত হন। এই দিনটিকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন কর্মসূচী গ্রহণ করেছে। এরশাদ বিরোধী আন্দোলন যখন তুঙ্গে তখন এই দিনে নূর হোসেন বুকে এবং পিঠে 'স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক!' শ্লোগান লিখে রাজপথে বের হয়েছিলেন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগের একটি মিছিল পল্টন এলাকার 'জিরো পয়েন্ট' অতিক্রম করার সময় পুলিশ অসংখ্য টিয়ারগ্যাস আর গুলি ছুঁড়ে মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেয়। এসময় নূর হোসেন এবং যুবলীগ নেতা বাবুল গুলিবিদ্ধ হয়ে নিহত হন। শ্রমজীবী যুবক নূর হোসেন ১৯৬১ সালে ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করেন । তার বাবা ছিলেন অটোরিকশা চালক। অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া শেষে নূর হোসেন গাড়ি চালানোর প্রশিক্ষণ নেন। তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। আন্দোলনের ধারাবাহিকতায় আরও রক্তপাতের মধ্য দিয়ে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে। শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামীলীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দিনটির গুরুত্ব তুলে ধরে পৃথক পৃথক বাণী দিয়েছেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও গণতান্ত্রিক বাম মোর্চা সোমবার সকাল সাড়ে ৮টায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সকাল ৮টায় শহীদ নূর হোসেন স্কয়ারে পুস্পস্তবক অর্পণ করার মাধ্যমে নূর হোসেন দিবস পালন করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২১৪৩ঘ.