২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টহল জাহাজ সরিয়েছে মিয়ানমার

ঢাকার তীব্র প্রতিবাদের মুখে বঙ্গোপসাগরের বিতর্কিত এলাকা থেকে শেষ পর্যন্ত টহল জাহাজ সরিয়ে নিয়েছে মিয়ানমার। এছাড়া, ওই এলাকায় তেল-গ্যাস অনুসন্ধানে চুক্তিবদ্ধ কোরীয় কোম্পানি দাইয়ুও যন্ত্রপাতি সরিয়ে নিতে শুরু করেছে। পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2008, 01:27 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার তীব্র প্রতিবাদের মুখে বঙ্গোপসাগরের বিতর্কিত এলাকা থেকে শেষ পর্যন্ত টহল জাহাজ সরিয়ে নিয়েছে মিয়ানমার। এছাড়া, ওই এলাকায় তেল-গ্যাস অনুসন্ধানে চুক্তিবদ্ধ কোরীয় কোম্পানি দাইয়ুও যন্ত্রপাতি সরিয়ে নিতে শুরু করেছে। পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন । উপদেষ্টা রোববার বলেন, "মিয়ানমারের নৌযানগুলো বিতর্কিত এলাকা ছেড়ে চলে গেছে। সেগুলো এখন নিজেদের জলসীমায় অবস্থান করছে। বাংলাদেশের প্রতিবাদের প্রতি সম্মান দেখিয়ে দেশটি বিতর্কিত এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রমও স্থগিত করেছে।" তিনি বলেন, "আমরা জানতে পেরেছি দাইয়ু কোম্পানি তাদের কার্যক্রম বন্ধ করে অনুসন্ধানে ব্যবহৃত 'রিগ' সরিয়ে নিতে শুরু করেছে।" এ ধরনের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "মিয়ামারের সঙ্গে এ জটিলতার শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী বাংলাদেশ। তবে একইসঙ্গে সার্বভৌম স্বার্থও আমরা রক্ষা করব।" পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকতারা বলেন, মিয়ানমারের জান্তা সরকার ২০০৫ সালে 'গোপনে' দাইয়ু কোম্পানিকে ওই স্থানে তেল-গ্যাস অনুসন্ধানের কাজ দেয়। এজন্য কোনো প্রকাশ্য দরপত্র আহ্বান করা হয়নি। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দাইয়ু জানতো না এলাকাটি নিয়ে দুদেশের মধ্যে বিতর্ক রয়েছে। বাংলাদেশ অনুসন্ধান কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পরই বিষয়টি তারা প্রথম জানতে পারে।" আন্তর্জাতিক রীতি অনুযায়ী স্বাভাবিকভাবে কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান বিতর্কিত জলসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে যায় না জানিয়ে তিনি বলেন, "দক্ষিণ কোরীয় সরকারের কাছে প্রতিবাদ জানিয়ে চিঠি পাঠানো একটি ভালো পদক্ষেপ ছিল। এ কারণেই দাইয়ু তাদের কার্যক্রম বন্ধ করেছে।" গত সপ্তাহে সেন্ট মার্টিন দ্বীপের ৬০ নটিক্যাল মাইল দক্ষিণে বিতর্কিত জলসীমায় মিয়ানমার তেল-গ্যাস অনুসন্ধান কাজ শুরু করলে দুদেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বাংলাদেশ ও মিয়ানমার দু'দেশই বঙ্গোপসাগরের ওই স্থানকে নিজেদের দাবি করছে। এর আগে সমঝোতা অনুযায়ী ওই বিতর্কিত এলাকায় তেল-গ্যাস অনুসন্ধানে না যাওয়ার ব্যাপারে দু'দেশ পরস্পরকে প্রতিশ্র"তি দিয়েছিল। এছাড়া দীর্ঘ ২২ বছরের বিরতির পর জলসীমা নির্ধারণে বাংলাদেশ ও মিয়ানমার প্রতিনিধি দল চলতি বছরের এপ্রিল মাসে আলোচনায় বসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসএনডি/এসকে/১৯২২ঘ.