২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জীবনের মানে ঢাকা ২০৬ নম্বরে

বিশ্বের ২১৫টি শহরের মধ্যে জীবনযাত্রার মানের দিক দিয়ে ঢাকার অবস্থান বর্তমানে ২০৬ নম্বরে। নাগরিক সুযোগ সুবিধার দিক দিয়ে চরমভাবে পিছিয়ে থাকলেও ২০১৫ সালের মধ্যে লোকসংখ্যার দিক দিয়ে ঢাকা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নগরে পরিণত হবে। শনিবার রাজধানীর প্ল্যানার্স ভবনে 'বাংলাদেশের নগর পরিকল্পনা: প্রেক্ষিত ২০২০' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের উপদেষ্টা এম রহমত উল্লাহ এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2008, 05:35 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের ২১৫টি শহরের মধ্যে জীবনযাত্রার মানের দিক দিয়ে ঢাকার অবস্থান বর্তমানে ২০৬ নম্বরে। নাগরিক সুযোগ সুবিধার দিক দিয়ে চরমভাবে পিছিয়ে থাকলেও ২০১৫ সালের মধ্যে লোকসংখ্যার দিক দিয়ে ঢাকা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নগরে পরিণত হবে। শনিবার রাজধানীর প্ল্যানার্স ভবনে 'বাংলাদেশের নগর পরিকল্পনা: প্রেক্ষিত ২০২০' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের উপদেষ্টা এম রহমত উল্লাহ এ তথ্য জানান। তিনি বলেন, "জাতিসংঘের আবাসন সংস্থার (ইউএনসিএইচএস) হিসাবে, ঢাকার লোকসংখ্যা যেভাবে বাড়ছে, তাতে ২০১০ সাল নাগাদ এ শহর পৃথিবীর ছয়টি জনবহুল নগরীর একটি এবং ২০১৫ সাল নাগাদ বিশ্বের দ্বিতীয় জনবহুল নগরীতে পরিণত হবে।' জীবনযাত্রার মানের ক্ষেত্রে ঢাকার পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে রহমত উল্লাহ বলেন, "যুক্তরাষ্ট্রের একটি ইনস্টিটিউটের সমীক্ষায় দেখা গেছে, বিশ্বের ২১৫টি নগরের মধ্যে জীবনযাত্রার মানের দিক থেকে ঢাকার অবস্থান ২০৬ নম্বরে।" নগর বিকেন্দ্রীকরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, "শুধু ঢাকা, চট্টগ্রামকে বড় না করে জেলা শহরগুলোকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে।" বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, "বাংলাদেশের বর্তমান ১৪ কোটি জনসংখ্যা আগামী ২০ বছরে বেড়ে ২৮ কোটি হওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এ বিষয়টি মাথায় রেখে এক ইঞ্চি জমিও পরিকল্পনা ছাড়া নগরায়ন করা যাবে না।" সঠিকভাবে নগরায়ন না হওয়ার জন্য আমলাতন্ত্র ও রাজনীতিকে দোষারোপ করে ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সভাপতি মোজাফফর আহমদ বলেন, "নগরায়নের ব্যাপারে যেসব পরিকল্পনা হয়, তার যথাযথ বাস্তবায়ন করতে হবে এবং স্থানীয় জনগণকে এ পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে হবে।" অনুষ্ঠানের মূল প্রবন্ধে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 'ডিপার্টমেন্ট অব আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং' এর সহকারী অধ্যাপক মুসলেহ উদ্দিন হাসান বলেন, "নগরের পরিকল্পনার সময় গাড়ি, নানান ধরনের তারসহ ছোটোখাটো বিষয়গুলোকেও বাদ দেওয়া যাবে না।" বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষে ইউএনডিপি'র সহযোগিতায় বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/এসকে/২৩২৪ঘ.