ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারী কলেজ শিক্ষকদের প্রশিক্ষণ প্রতিষ্ঠান জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা ব্যবস্থাপনা একাডেমীতে (নায়েম) ক্যাডারভূক্ত শিক্ষকদের প্রশিক্ষণের দায়িত্ব নন-ক্যাডার কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।
বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ অভিযোগ করা হয়।
সমিতির আহ্বায়ক অধ্যাপক ইফতেখার আহমদ খান ও সদস্য সচিব মাসুমে রব্বানী খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, নিয়োগ বিধি ২০০৫ অনুযায়ী ক্যাডারভূক্ত শিক্ষকদের বঞ্চিত করে নায়েমে কর্মরত নন ক্যাডার কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে ও সরাসরি নিয়োগের মাধ্যমে প্রশিক্ষণ সংক্রান্ত পদে বসানোর 'ষড়যন্ত্র' চলছে।
এতে দাবি করা হয়, নন ক্যাডারভুক্ত লোকদের দিয়ে বুনিয়াদি প্রশিক্ষণ দেওয়া হলে শিক্ষকরা যোগ্যতা ও দক্ষতায় অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের চেয়ে পিছিয়ে পড়বে।
সমিতির পক্ষে এ ধরণের উদ্যোগ বন্ধের আহ্বান জানিয়ে বলা হয় অন্যথায় 'কঠোর কর্মসূচি' দেওয়া হবে।
সমিতি নায়েমের নিয়োগ বিধি ২০০৫ এর বাতিল দাবি করে।
এ বিধি অনুযায়ী নন ক্যাডার কর্মকর্তারা প্রশিক্ষণ সংক্রান্ত পদে আসতে পারবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/২৩০৮ঘ.
bdnews24