২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু করেই বেস্ট এয়ারের ৩ আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ

মাত্র পাঁচ মাস আগে আন্তর্জাতিক রুটে কার্যক্রম শুরু করলেও এরই মধ্যে তিনটি গন্তব্যে ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা বেস্ট এয়ার। কারণ হিসেবে তারা বলছে যাত্রীর অভাবের কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2008, 03:33 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- - মাত্র পাঁচ মাস আগে আন্তর্জাতিক রুটে কার্যক্রম শুরু করলেও এরই মধ্যে তিনটি গন্তব্যে ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা বেস্ট এয়ার। কারণ হিসেবে তারা বলছে যাত্রীর অভাবের কথা। বেস্ট এয়ার এর পরিচালক (বিপণন) ফরহাদ হোসেন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যাত্রী কম হওয়ায় ঢাকা থেকে কলম্বো, মালে ও দুবাই রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ রাখা হয়েছে।" তবে খুব শিগগিরই এসব গন্তব্যে আবার ফ্লাইট চালানো শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। ইতিমধ্যেই চালু রুটগুলো নিয়েই সমস্যায় থাকলেও আবার ভবিষ্যতে ঢাকা-ক্যান্টন ও ঢাকা-কাঠমাণ্ডু রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে বলেও ফরহাদ হোসেন জানান। বর্তমানে আন্তর্জাতিক রুটে ঢাকা থেকে কুয়ালামপুর, সিঙ্গাপুর ও ব্যাংককে যাত্রী পরিবহন করছে বেস্ট এয়ার। গত ২৮ জুলাই থেকে ঢাকা-কলম্বো-মালে এবং ৮ সেপ্টেম্বর থেকে ঢাকা-দুবাই রুটে ফ্লাইট চালানো শুরু করে সংস্থাটি। এরপর মধ্য অক্টোবরে কলম্বো ও মালে এবং অক্টোবরের শেষ সপ্তাহে দুবাই রুটে ফ্লাইট চালানো বন্ধ করে দেয় তারা । ১৯৯৯ সালে বেস্ট এভিয়েশন নামে হেলিকপ্টার সেবার মাধ্যমে যাত্রা শুরু করা সংস্থাটি ২০০৬ সালে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহনের অনুমতি পায়। গত জানুয়ারিতে ঢাকা-চট্টগ্রাম রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করলেও পরে এই রুটে কার্যক্রম বন্ধ করে দেয় বেস্টএয়ার। গত মে মাসে ঢাকা-ব্যাংকক রুট চালুর মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রবেশ করে প্রতিষ্ঠানটি। অক্টোবরে ঢাকা-কুয়ালামপুর ও ঢাকা সিঙ্গাপুর রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে তারা। বর্তমানে বেস্টএয়ারের বহরে এমডি-৮৩ ও বোয়িং-৭৩৭ মডেলের দুটি ভাড়া করা উড়োজাহাজ রয়েছে। খুব শিগগিরই এয়ারবাস এ-৩২১ মডেলের আরেকটি উড়োজাহাজ ভাড়া নেওয়া হবে বলে জানিয়েছেন ফরহাদ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/এসকে/২১২৩ঘ.