২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান চালনা শেখাতে বেসরকারি উদ্যোগে প্রশিক্ষণ কেন্দ্র

বিমান চালনাসহ এ সংক্রান্ত বিভিন্ন বিষয় শেখাতে বেসরকারি উদ্যোগে একটি প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে। 'অ্যাভিয়েশন অ্যাকাডেমি লিমিটেড' নামের ওই প্রতিষ্ঠানটি আগামী ডিসেম্বর মাস থেকে কার্যক্রম শুরু করবে বলে আশা করছেন অ্যাকাডেমির পরিচালনা পর্ষদের সদস্য ও ব্যবস্থাপনা পরিচালক এসএম নাসিমুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2008, 09:27 AM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমান চালনাসহ এ সংক্রান্ত বিভিন্ন বিষয় শেখাতে বেসরকারি উদ্যোগে একটি প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে। 'অ্যাভিয়েশন অ্যাকাডেমি লিমিটেড' নামের ওই প্রতিষ্ঠানটি আগামী ডিসেম্বর মাস থেকে কার্যক্রম শুরু করবে বলে আশা করছেন অ্যাকাডেমির পরিচালনা পর্ষদের সদস্য ও ব্যবস্থাপনা পরিচালক এসএম নাসিমুল হক। সরকারি অনুমোদন পাওয়া এ প্রতিষ্ঠান ইতোমধ্যে বিমানবন্দর এলাকায় জায়গা বরাদ্দও পেয়েছে। নাসিমুল হক শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইতোমধ্যে অনুমতি ও জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় জায়গা বরাদ্দ পাওয়া গেছে। আশা করছি, ডিসেম্বর থেকেই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা যাবে।" দক্ষিণ এশিয়ায় বেসরকারি উদ্যোগে এই ধরনের অ্যাকাডেমি এই প্রথম দাবি করে বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি নাসিম বলেন, "এতে দেশ-বিদেশের শিক্ষার্থীরা উড়োজাহাজের পাইলট, প্রকৌশলী, কেবিন ক্রু ও বিপণন বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবে। বিদেশি প্রশিক্ষকরা এতে প্রশিক্ষণ দেবেন।" প্রতিষ্ঠানটিকে অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পরিকল্পনা রয়েছে জানিয়ে নাসিমুল হক বলেন, "প্রশিক্ষণের জন্য উড়োজাহাজ কেনার পরিকল্পনাও আমাদের রয়েছে।" পাইলটদের প্রশিক্ষণ দিতে ঢাকায় 'ফ্লাইং ক্লাব' নামের একটি প্রতিষ্ঠান রয়েছে। 'এয়ার পারাবাত' নামে অপর একটি প্রতিষ্ঠান কাজ শুরু করলেও কয়েক বছর আগে তা বন্ধ হয়ে যায়। নাসিম বলেন, "ফ্লাইং ক্লাব শুধু পাইলটের প্রশিক্ষণ দেয়। অ্যাভিয়েশন অ্যাকাডেমি হলে জাতীয় ও বেসরকারি এয়ারলাইন্স ছাড়াও অনেক বিদেশি এয়ারলাইন্সের কর্মীদের নির্দিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি পুলিশ ও সরকারের অন্যান্য সংস্থার লোকদেরও এখানে প্রশিক্ষণ দেওয়া যাবে।" 'অ্যাভিয়েশন অ্যাকাডেমি লিমিটেড'র পরিচালনা পর্ষদের অপর সদস্যরা হলেন- বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মনোয়ার হোসেন, স্থপতি রফিক মাজহার ইসলাম ও ব্যবসায়ী এহতেশামুল হক। মনোয়ার হোসেন প্রতিষ্ঠানের চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/এমআই/১৫২৯ ঘ.