ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের শার্শায় শুক্রবার দুপুরে বাস চাপায় একই পরিবারের তিনজন মারা গেছেন।
নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে বৃহস্পতিবার রাতে পিকআপ উল্টে মারা গেছেন এক পুলিশ কনস্টেবল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বেনাপোল প্রতিনিধি জানান, শার্শা উপজেলার নাভারন এলাকায় যশোর-বেনাপোল সড়কে বাস চাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
এরা হলেন-শার্শার উত্তর বুরুজ বাগান গ্রামের জবেদ আলী (৭০), তার স্ত্রী রাহেলা খাতুন (৫৫) এবং তাদের নাতি রাহুল (৫)।
শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, যশোর থেকে বেনাপোলগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া এই তিন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে প্রথম দু'জন মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যায় রাহুল।
নিহতদের লাশ যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসআই ইকবাল জানান, পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। শার্শা থানায় মামলা হয়েছে।
নরসিংদী প্রতিনিধি জানান, ঢাকা-সিলেট মহাসড়কে রায়পুরা উপজেলার মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় পুলিশের একটি পিকআপ খাদে পড়ে কনস্টেবল ফৌজদার হোসেন নিহত এবং অপর তিন পুলিশ আহত হয়েছেন।
আহত রায়পুরা থানার উপ-পরিদর্শক শাখাওয়াৎ হোসেন, কনস্টেবল আবু তাহের এবং কনস্টেবল আ. হান্নানকে ভৈরব হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপ-পরিদর্শক শাখাওয়াৎ হোসেন জানান, রাতে টহল দেওয়ার সময় মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় তাদের পিকআপকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা মারে। এতে ট্রাক ও পিকআপ রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই কনস্টেবল ফৌজদার হোসেন মারা যান।
তিনি জানান, ট্রাকের হেলপার হেলালকে (২০) আটক করেছে পুলিশ। চালক পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯১০ ঘ.
bdnews24