২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে স্বাগত জানাতে গিয়ে আচরণবিধি লংঘিত হয়েছে: ইসি

শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়ার কর্মসূচিতে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা নির্বাচনের প্রচারণা চালিয়ে আচরণবিধি লঙ্ঘন করেছে বলে মনে করছে নির্বাচন কমিশন। দলটিকে এ কথা জানিয়ে ভবিষ্যতে নির্বাচনী বিধি অনুসরণের অনুরোধও করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2008, 01:15 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়ার কর্মসূচিতে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা নির্বাচনের প্রচারণা চালিয়ে আচরণবিধি লঙ্ঘন করেছে বলে মনে করছে নির্বাচন কমিশন। দলটিকে এ কথা জানিয়ে ভবিষ্যতে নির্বাচনী বিধি অনুসরণের অনুরোধও করেছে তারা। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের কাছে বৃহস্পতিবার পাঠানো ইসির চিঠিতে বলা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুসারে নির্বাচনের তিন সপ্তাহ আগে কেউ প্রচারণা শুরু করতে পারবে না। শেখ হাসিনার সংবর্ধনা কর্মসূচি সম্পর্কে চিঠিতে বলা হয়, 'আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে মোটর শোভাযাত্রা ও গাড়ি বহরের মাধ্যমে সংবর্ধনা জানানোর সময় ঢাকা মহানগরীর বিভিন্ন রাস্তায় তীব্র যানজট হয়। এছাড়া, সংবর্ধনায় বিভিন্ন যানবাহনে পোস্টার লাগানো হয়েছে, দলীয় সম্ভাব্য প্রার্থীদের পক্ষে রঙিন পোস্টার প্রদর্শন ও নৌকা প্রতীক নিয়ে মিছিল করা হয়েছে। ফলে একটি সংবর্ধনা অনুষ্ঠান বাস্তবে নির্বাচনী প্রচারণায় রূপলাভ করে। এ ধরনের রূপান্তরের কারণে সংসদ নির্বাচনে অনুসরণীয় আচরণ বিধি লঙ্ঘিত হয়েছে।' চিঠিতে নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়। ইসির পক্ষ থেকে চিঠিটির অনুলিপি সাংবাদিকদের দেওয়া হয়। তবে আশরাফুল ইসলাম বরাবর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ের ঠিকানায় বিকেলে চিঠিটি পাঠানো হলেও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তখনো এ ধরনের কোনো চিঠি তিনি পাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/এসইউএম/এমএইচসি/এসকে/১৯০১ঘ.