সাভার, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকায় বৃহস্পতিবার সকালে গণপিটুনিতে দুই ছিনতাইকারী নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুই ছিনতাইকারী।
নিহতদের নাম বাবু (২৮) ও বিল্লাল (২৭)।
আহত হাসান (২১) ও জামালকে (৩০) সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা রয়েছে।
সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) কবীর হোসেন জানান, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫টার দিকে ৬/৭ ছিনতাইকারীর একটি দল কালিয়াকৈর মাদ্রাসার সামনে ওই এলাকার বাসিন্দা আব্দুল বারেককে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
কিন্তু বারেকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়া চেষ্টা করে। এ সময় স্থানীয়রা চারজনকে আটক করে পিটুনি দেয়।
পরে মুমূর্ষু অবস্থায় আহতদের থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সকাল ৯টার দিকে বাবু ও বিল্লাল মারা যায়।
এসআই কবী হোসেন জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬৫৩ ঘ.
bdnews24