ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নেশার ট্যাবলেট ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোমবার ভোরে ফাতেমা আক্তার প্রিয়া নামে এক অভিনেত্রীকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে ৮৫ টি ইয়াবা ট্যাবলেট ও ১৯টি ফেন্সিডিলের খালি বোতল উদ্ধার করা হয়েছে।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব সদস্যরা সোমবার ভোর সাড়ে ৩টার দিকে মীরপুরের মনিপুর এলাকা থেকে প্রিয়াকে গ্রেপ্তার করে। প্রিয়া 'প্রেম পাগল', 'কুংফু কন্যা' এবং 'আশিক প্রিয়া' নামের চলচ্চিত্রে অভিনয় করেছেন বলে র্যাবকে জানিয়েছেন।
গোপন সংবাদের ভিক্তিতে র্যাব-১ এর একটি বিশেষ গোয়েন্দা দল ক্যাপ্টেন আরিফুর রহমানের নেতৃত্বে প্রিয়ার মীরপুর ১ নম্বরের বাসায় অভিযান চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২২২৯ঘ.
bdnews24