ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- অবৈধভাবে নিম্নমানের মোবাইল সেট আমদানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযানে নামছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
বাজার সম্পর্কে ওয়াকেবহালদের হিসাবে যে পরিমাণ মোবাইল ফোন সেট দেশে আসে তার অর্ধেকই আসে অবৈধ পথে।
সোমবার মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে এক বৈঠকে বিটিআরসির পক্ষ থেকে বলা হয়, চোরাইপথে নিম্নমানের সেট আমদানি বন্ধ করতে অচিরেই কঠোর পদক্ষেপ নেবে বিটিআরসি।
সংস্থার চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনজুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নকল মোবাইল সেট কিনে গ্রাহকরা প্রতারিত হচ্ছে। এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তবে মোবাইল ফোন ব্যবসায়ীদেরও এক্ষেত্রে সহযোগিতা করতে হবে।"
কমিশন জানিয়েছে, এ প্রক্রিয়ার সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড ও কাস্টমস কর্তৃপক্ষকেও সম্পৃক্ত করা হবে ।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফয়সল আলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৈঠকে চোরাই ও নিম্নমানের মোবাইল সেট আমদানি রোধে করণীয় নিয়ে আলোচনা হয়েছে। মোবাইল ফোন সেট আমদানি কীভাবে আরও সহজ করা যায় তা নিয়েও কথা হয়েছে।"
অ্যাসোসিয়েশন জানায়, বর্তমানে প্রতিমাসে ৮ থেকে ৯ লাখ মোবাইল ফোন সেট দেশে আসছে। এর প্রায় অর্ধেকই আসছে চোরাই পথে।
ব্যবসায়ীরা বলছেন, চোরাই পথে আসা অধিকাংশ মোবাইল ফোন সেট নিম্নমানের। এসব সেটের ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রাংশ দ্রুত নষ্ট হয়ে যায়; সেটের জন্য কোনো গ্যারান্টিও থাকে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এসকে/২২২৫ঘ.
bdnews24