ঢাকা,নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীতে ভাড়া নিয়ে বাস শ্রমিকদের সঙ্গে হাতাহাতি এবং গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত পল্লবী-মতিঝিল-গুলিস্থান রুটের 'লোকাল' বাস চলাচল বন্ধ থাকে।
সহকারী পুলিশ কমিশনার এমদাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে পল্লবীতে ভাড়া নিয়ে কয়েকজন বাস যাত্রীর সঙ্গে পরিবহন শ্রমিকদের কথাকাটাকাটি হয়। যাত্রীদের অভিযোগ, সরকার তেলে দাম কমালেও বাস ভাড়া কমছে না। অন্যদিকে বাস কর্তৃপক্ষ বলছে, তাদের বাস তেলে নয়, গ্যাসে চলে। কাজেই ভাড়া কমানোর সুযোগ নেই।
এই বিরোধকে কেন্দ্র করে যাত্রী ও শ্রমিকদের কথা কাটাকাটি হাতাহাতিতে গড়ায়। এক পর্যায়ে বিক্ষুব্ধ যাত্রীরা ৩/৪টি বাস ভাঙচুর করে। এ সময় একজন শ্রমিক আহত হন।
এর প্রতিবাদে পল্লবী-মতিঝিল-গুলিস্থান রুটে চলাচলকারী লোকাল বাস শ্রমিকরা গাড়ি বন্ধ করে দেয় এবং দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন আরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে শ্রমিকরা ধর্মঘটে যাওয়ার পর সমস্যা সমাধানের জন্য শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে পুলিশের দফায় দফায় আলোচনা হয়। তারা জানায়, নিরাপত্তা পেলে আবার গাড়ি রাস্তায় নামাবে।
পুলিশের আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুর ২টার দিকে আবার বাস চলাচল শুরু হয়।
সালাউদ্দিন আরশেদ জানান, লোকাল বাস ছাড়া একই রুটে চলাচলকারী বিভিন্ন কোম্পানির বাস চলাচল স্বাভাবিক ছিল। তবে এই সংখ্যা খুব কম হওয়ায় হাজার হাজার যাত্রী চরম বিপাকে পড়ে।
বাস মালিক টিপু সুলতান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার তেলে দামি কমিয়েছে। কিন্তু গ্যাসের দাম কমেনি। অধিকাংশ লোকাল বাস গ্যাসে চলে। ফলে ভাড়া কমানোর কোনো সুযোগ নেই। তাছাড়া আমরা সরকার নির্ধারিত ভাড়াই আদায় করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১৭৫৫ ঘ.
bdnews24