২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: একে খন্দকার

য্দ্ধুাপরাধীরে বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সেক্টর কমান্ডারস ফোরামের আহ্বায়ক একে খন্দকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2008, 10:58 AM

Updated : 26 Aug 2022, 02:36 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- য্দ্ধুাপরাধীরে বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সেক্টর কমান্ডারস ফোরামের আহ্বায়ক একে খন্দকার। রোববার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে একাত্তরের গণহত্যা নিয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, "বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার একদিন হবেই। যতদিন বিচার শুরু না হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।" ফোরাম জানিয়েছে, ১৮ ডিসেম্বর নির্বাচন পেছানোর কোনও চেষ্টা তারা মেনে নেবে না। মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি একে খন্দকার জানান, সেক্টর কমান্ডারস ফোরামের উদ্যোগে শিগগিরই যুদ্ধাপরাধীদের তালিকা করা হবে। সাবেক বিমানবাহিনী প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল একে খন্দকার 'বাংলাদেশ জেনোসাইড, ১৯৭১- দ্য ট্রায়াল অব ওয়ার ক্রিমিনাল' বইটির মোড়ক উন্মোচন করেন। সঙ্কলিত এ বইয়ে একাত্তরের যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের ওপর বিভিন্ন জনের বিভিন্ন সময়ের লেখা স্থান পেয়েছে। ১৭০ পৃষ্ঠার এ বইটি সম্পাদনা করেছেন সাংবাদিক হারুণ হাবীব এবং এএসএম শামসুল আরেফীন। সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডারস ফোরামের সমন্বয়ক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুন অর রশীদ বলেন, "গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, সংবিধান অনুয়ায়ী জামায়াতে ইসলামী রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় না। এ বিষয়টি আমরা নির্বাচন কমিশনকে বলেছি। তারপরও যদি নির্বাচন কমিশন জামায়াতকে নিবন্ধন দেয়, তার বিচার দেশের জনগণই করবে।" সাবেক এই সেনাপ্রধান জানান, একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে আলোচনার জন্য সেক্টর কমান্ডারস ফোরামের পক্ষ থেকে বৈঠকের আবেদন করা হয়েছে। জাতিসংঘ মহাসচিব দুই দিনের সফরে শনিবার বাংলাদেশে এসেছেন। হারুন অর রশীদ বলেন, "ঘোষিত সময় ১৮ ডিসেম্বরই নির্বাচন হতে হবে। এই নির্বাচন বাতিল করার কোনও সুযোগ নেই। এটা হলে আমরা তার বিপক্ষে অবস্থান নেব।" সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও সাবেক সেনাপ্রধান কেএম সফিউল্লাহ, সেক্টর কমান্ডার সিআর দত্ত, হারুণ হাবীব প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৫০ ঘ.