২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পারমাণু বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশকে সহায়তা দিতে চায় ফ্রান্স

বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বিশেষজ্ঞ সহায়তা দিতে আগ্রহী ফ্রান্স। ঢাকায় শনিবার এক সেমিনারে ফ্রান্সের রাষ্ট্রদূত শার্লি কসারে বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে ফ্রান্সের অভিজ্ঞতা ও বিশেষজ্ঞদের সহায়তায় বাংলাদেশ উপকৃত হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2008, 04:53 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বিশেষজ্ঞ সহায়তা দিতে আগ্রহী ফ্রান্স। ঢাকায় শনিবার এক সেমিনারে ফ্রান্সের রাষ্ট্রদূত শার্লি কসারে বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে ফ্রান্সের অভিজ্ঞতা ও বিশেষজ্ঞদের সহায়তায় বাংলাদেশ উপকৃত হতে পারে। রাজধানীর হোটেল শেরাটনে 'বিদ্যুৎখাত ব্যবস্থাপনা: প্রেক্ষিত বাংলাদেশ' শীর্ষক সেমিনারটি আয়োজন করে 'ফ্রাঙ্কো-বাংলাদেশ স্কলার' নামের একটি সংগঠন। ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, "বাংলাদেশে ৮০ ভাগ বিদ্যুৎ উৎপাদনই গ্যাসের উপর নির্ভরশীল। দেশের গ্যাসের মজুদ সঙ্কটময় আবস্থায় পৌঁছেছে। বিকল্প জ্বালানির বিষয়টি তাই গভীরভাবে বিবেচনা করতে হবে।" পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলায় নিজ দেশের সাফল্য তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, "বর্তমানে ফ্রান্সের ৮০ ভাগ বিদ্যুৎ আসছে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট থেকে।" সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম বলেন, "এ মুহূর্তে কয়লা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। দেশে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণের জন্য ১০ বিলিয়ন ডলার প্রয়োজন। এক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলো দেশের উন্নয়নে একমত হবে।" বিদ্যুৎ ব্যবস্থাপনার বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, "কয়েক বছর আগে দেশে ৪০ ভাগ সিস্টেম লস ছিল। এখন এটা ২০ ভাগ। একে ১০ ভাগে কমিয়ে আনা সম্ভব। কারণ এ খাতে এখনো কারিগরি সিস্টেম লস আছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/জিএনএ/২২৪৮ ঘ.