২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রে প্রত্যাবর্তন নিশ্চিত করবে: বান কি মুন

জাতিসংঘ মহাসচিব বান কি মুন শনিবার আশা প্রকাশ করেছেন, ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচন 'সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ' হবে এবং বাংলাদেশের গণতন্ত্রে প্রত্যাবর্তন সুনিশ্চিত করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2008, 03:53 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ মহাসচিব বান কি মুন শনিবার আশা প্রকাশ করেছেন, ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচন 'সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ' হবে এবং বাংলাদেশের গণতন্ত্রে প্রত্যাবর্তন সুনিশ্চিত করবে। রাতে হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা শেষে বান কি মুন সাংবাদিকের বলেন, সরকার ও রাজনৈতিক দলগুলো সংসদীয় নির্বাচন অনুষ্ঠানে সহায়ক ভূমিকা রাখবে বলেই মনে করেন তিনি। সফররত মহাসচিব জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ থেকে আরও বেশি সৈন্য নেওয়ার আশ্বাস দেন। পররাষ্ট্র উপদেষ্টা আফগানিস্থানে অপহৃত দুই বাংলাদেশীকে উদ্ধারে জাতিসংঘের সহায়তা চান। বৈঠক শেষে বান কি মুন সাংবাদিকের বলেন, "আমরা আসন্ন সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করেছি। আমি আন্তরিকভাবে আশা করছি, এ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু; অবাধ ও বিশ্বাসযোগ্য হবে এবং বাংলাদেশের পূর্ণ গণতন্ত্রে প্রত্যাবর্তনের পথ সুগম করবে।" তিনি বলেন, "আমার মনে হয়েছে, বাংলাদেশের সরকার ও রাজনৈতিক দলগুলো এ লক্ষ্যে ঘনিষ্টভাবে কাজ করবে।" আর্থ-সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের অর্জনেরও প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, "বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে জোরালো অংশীদারিত্বের, বিশেষ করে শান্তিরক্ষা কার্যক্রমের জন্য আমি কৃতজ্ঞতা জানাই। শান্তিরক্ষা মিশনে সৈন্য পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম দেশ। এখানকার নয় হাজার সৈন্য বিভিন্ন মিশনে কাজ করছে।" এ সময় জাতিসংঘ প্রধান সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি। ইফতেখার আহমেদ সাংবাদিকদের বলেন, "আমাদের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। আফগানিস্তানে অপহৃত দ্ইু ব্র্যাকর্ র্কমীকে উদ্ধারে আমি জাতিসংঘের সহায়তা চেয়েছি।" সাংবাদিকদের সঙ্গে কথা বলার পরপরই মহাসচিব প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের দেওয়া নৈশভোজে যোগ দিতে হোটেল শেরাটনে যান। ভারত ও নেপাল সফর শেষে বান কি মুন শনিবার বিকেল ৫টা ৫৫ মিনিটে জাতিসংঘের একটি বিশেষ বিমানে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। দু'দিনের সফরে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এবং আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। মহাসচিব রোববার রাতে নিউ ইয়র্কের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করবেন। তার আগে হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে তার বক্তব্য দেয়ার কথা রয়েছে। জাতিসংঘের চতুর্থ মহাসচিব হিসেবে বাংলাদেশ সফরে এলেন বান কি মুন। এর আগে কুর্ট ওয়াল্ডহেইম, হ্যাভিয়ার পেরেজ দ্য কোয়েলার ও কফি আনান বাংলাদেশ সফর করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেকে/জিএনএ/২১৫০ ঘ.