২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় সিপ্ররিট পানে স্কুলশিক্ষকসহ পাঁচজনের মৃত্যু

বগুড়ার ধুনট ও শাজাহানপুর উপজেলায় রেকটিফাইড সিপ্ররিট পান করে একজন স্কুলশিক্ষকসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। অসুস্থ্য হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও চারজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2008, 02:13 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

বগুড়া, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ার ধুনট ও শাজাহানপুর উপজেলায় রেকটিফাইড সিপ্ররিট পান করে একজন স্কুলশিক্ষকসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। অসুস্থ্য হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও চারজন। এর মধ্যে ধুনট উপজেলায় শুক্রবার রাত ও শনিবার সকালে মারা গেছেন দুজন। এরা হলেন- উপজেলার এলাঙ্গী ইউনিয়নের খোকসাহাট গ্রামের মজিবর রহমানের ছেলে স্থানীয় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দৌলতুজ্জামান দৌলা (৪৫) ও নলডাঙ্গা গ্রামের আব্দুল রশিদের ছেলে শাহ জামাল (২৫)। শাজাহানপুর উপজেলায় শুক্রবার রাতে মারা গেছেন তিনজন। এরা হলেন- উপজেলার চুপিনগর ইউনিয়নের দুবুরিয়া এলাকার আয়েজ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান পুটু (৪০), সাজাপুরের মজিদ মণ্ডলের ছেলে বকুল মণ্ডল (৪২) ও সাহাব নগরের হাবিবুর রহমানের ছেলে আবু বক্কর (৪৫)। ধুনট ও শাজাহানপুর থানা পুলিশ বলেছে, তারা বিষয়টি শুনেছেন। তবে কেউ অভিযোগ করেনি। ধুনট উপজেলায় রেকটিফাইড স্পিরিট পান করে অসুস্থ হয়ে পড়া আনু সরদার ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দৌলতুজ্জামান, শাহ জামাল ও তিনি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় অতিরিক্ত রেকটিফাইড স্পিরিট পান করে অসুস্থ্য হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের ধুনট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পথে রাত ৮টার দিকে দৌলতুজ্জামান মারা যান। শনিবার সকাল ৮টায় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন শাহ জামালের মৃত্যু হয়। তিনি জানান, নলডাঙ্গা গ্রামের শাহীন নামের একজন পল্লী চিকিৎসকের কাছ থেকে তিনি চিকিৎসা নিয়েছেন। ধুনট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. রুহুল আমিন জানান ,অতিরিক্ত বমি হওয়ার কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তাদের মৃত্যু হয়েছে। তবে ধুনট থানার কর্তব্যরত উপ-পরিদর্শক মোয়াজ্জেম হোসেন বলেন, বিষয়টি তাদের জানা নেই। তবে এ ধরনের একটি খবর তারা শুনেছেন। শাজাহানপুর উপজেলার চুপিনগর ইউনিয়নের ইঊপি সদস্য এমরান হোসেন জানান, শুক্রবার দুবুরিয়া কলেজ পাড়া এলাকায় রেকটিফাইড স্পিরিট পান করে ওই এলাকার পাঁচজন অসুস্থ্য হয়ে পড়েন। এদের মধ্যে আব্দুল মান্নান পুটু, বকুল মণ্ডল ও আবু বক্কর মারা গেছেন। শাহনগরের আছাদুল (৪৫), লুৎফর (৪৮) ও আজিজার (৪০) গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে তিনি জানান। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি শুনেছি। তবে কেঊ কোন অভিযোগ করেনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৮ ঘ.