ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় তেল ও গ্যাস কূপগুলো ইজারা দেয়া বন্ধ করা এবং কয়লা নীতির চূড়ান্ত অনুমোদন স্থগিত রাখার দাবিতে কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছেন।
সকালে মানববন্ধনের পর এক সংক্ষিপ্ত সমাবেশে অনির্বাচিত সরকারকে এ ব্যাপারে সিদ্ধান্ত না নেওয়ার আহবান জানান শিক্ষকরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "আমরা বর্তমান সরকারের কাছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। অনির্বাচিত সরকারের কাজ এটিই। কিন্তু তারা যেসব নীতিনির্ধারণী সিদ্ধান্ত নিচ্ছেন, তা নেওয়ার সাংবিধানিক এখতিয়ার তাদের নেই। দেশের জাতীয় সম্পদ কীভাবে ব্যবহার করা হবে, তা নির্বাচিত সরকারই ঠিক করবে, অন্য কাউকে তা করার অধিকার দেয়নি দেশের সংবিধান।"
অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ, এ কে এম সাদ উদ্দিন, অজয় রায় ও আনোয়ার হোসেন; রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মলয় ভৌমিক, এস এম আবু বকর ও মোহাম্মদ নাসের; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মইনুল হোসেন ও মীর মোশাররফ হোসেন; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মোহাম্মদ; শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল ও ইয়াসমিন হক; খুলনা বিশ্ববিদ্যালয়ের মাহবুবুল হক এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এম শামসুল আলমসহ ৩০/৩৫ জন শিক্ষক এ কর্মসূচিতে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসএম/টিএইচ/জেকে/জিএনএ/১৭৩০ ঘ.
bdnews24