২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষিত শিশুর গর্ভজাত সন্তানের ডিএনএ পরীক্ষার নির্দেশ

ধর্ষিত ১২ বছরের এক শিশুর গর্ভজাত সন্তানের পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষার আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2008, 03:59 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষিত ১২ বছরের এক শিশুর গর্ভজাত সন্তানের পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষার আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার পঞ্চম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. শামসুল হক এ আদেশ দেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ ডিএনএ পরীক্ষার কাজটি করবে। মীরপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ওই ছাত্রী ওই মেয়েটির বাবা গত ৩০ জুন মীরপুর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। তিনি অভিযোগ করেন, বাড়িওয়ালা মো. জামাতুল্লাহ কয়েক মাস আগে তার মেয়েকে ধর্ষণ করে। মামলার কয়েকদিন আগে মেয়ে অসুস্থ বোধ করলে তাকে আগারগাঁওয়ে প্রবীণ ভবনের প্রধান হাসপাতালে নেওয়া হয়। সেখানে ধরা পড়ে, সে ৪ মাস ১০ দিনের অন্তঃসত্ত্বা। বাদি অভিযোগ করেন, মেয়েটি বলেছে, বাড়িওয়ালা মো. জামাতুল্লাহ (৪৫) একদিন বাথরুমে একা পেয়ে তাকে ধর্ষণ করে। মীরপুর থানার উপ পরিদর্শক কামরুন নাহার চৌধুরী মামলাটিতে গত ২৩ আগস্ট জামাতুল্লাহকে আসামি করে অভিযোগপত্র দেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিচার শুরুর চারদিন পর গত মঙ্গলবার একটি মৃত কন্যাসন্তান প্রসব করে মেয়েটি। এরপর মৃত শিশুটির ডিএনএ পরীক্ষার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ওই আদেশ দিয়েছেন বিচারক। আসামি জামাতুল্লাহ উচ্চ আদালত থেকে জামিনে আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/এসকে/২১৪৮ঘ.