ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুদেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা ও আস্থা বাড়ানোর ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদকে 'অর্ডার অফ ন্যাশনাল সিকিউরিটি মেরিট' পুরস্কার দিয়েছে দক্ষিণ কোরীয় সরকার।
বুধবার বিকেলে দক্ষিণ কোরিয়ার রাষ্টপতির পক্ষে দেশটির সেনাবাহিনী প্রধান জেনারেল লিম চুং বিন মইন উ আহমেদের হাতে এ পুরস্কার তুলে দেন ।
সিউলে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
কোরীয় ভাষায় এই পুরস্কারকে 'টং-লি পদক' বলা হয় যা দক্ষিণ কোরীয় সরকারের সর্বোচ্চ সামরিক পুরস্কার। দুদেশের সেনাবাহিনীর সম্পর্ক উন্নয়নের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে দক্ষিণ কোরীয় সেনাবাহিনীকে সহযোগিতার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তাকে এমন বিশেষ সম্মান জানানোর জন্য কোরীয় সরকারকে ধন্যবাদ জানান জেনারেল মইন। আগামী দিনগুলোতে দুদেশের সেনাবাহিনীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসকে/২১৩৭ঘ.
bdnews24