গাজীপুর, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের টঙ্গীতে বৃহস্পতিবার দুপুরে দুর্বৃত্তরা গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাহফুজ (২৫) নামে এক বিক্রয়কর্মীর কাছ থেকে আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে।
মাহফুজ বেসরকারি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের স্থানীয় পরিবেশক মোবারক ট্রেডার্সের কর্মচারি।
পায়ে দুইটি গুলি ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতপ্রাপ্ত মাহফুজকে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মাহফুজ টঙ্গী কলেজ রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কের পশ্চিমপার্শ্বে বাস কাউন্টারে দাঁড়ানো ছিলেন। এ সময় ৫/৬ জন যুবক তাকে ঘিরে ধরে।
যুবকরা মাহফুজের ব্যাগ ধরে টানাটানি করলে তিনি বাঁধা দেন। দুর্বৃত্তরা এ সময় মাহফুজের পায়ে পর পর দুটি গুলি করে এবং পিঠে কোপ দেয়। এতে তিনি সড়কের পাশে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা ব্যাগ নিয়ে রাস্তা পার হয়ে গলিতে ঢুকে পড়ে।
ঘটনার আকস্মিকতায় আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে ছুটাছুটি শুরু করে। ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে দেন। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন মাহফুজকে হাসপাতালে পাঠায়।
ওসি জানান, বিকেল পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। মামলা হয়েছে।
মোবারক ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মোবারক হোসেন সাংবাদিকদের কাছে দাবি করেন, মাহফুজের ব্যাগে স্ক্র্যাচ কার্ড ও ফ্লেক্সিলোড বিক্রির আড়াই লাখ টাকা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর টঙ্গীর পাগার এলাকায় দুর্বৃত্তরা একই ব্যবসা প্রতিষ্ঠানের কর্মী রাশেদ গুলি করে সাড়ে তিন লাখ টাকা ছিনিয়ে নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৪ ঘ.
bdnews24