২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে জেএমবির বোমা হামলার আরেক মামলায় চার জঙ্গির যাবজ্জীবন

বরিশালে ২০০৫ সালের ১৭ আগস্ট নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর বোমা হামলার আরেকটি মামলায় চার জঙ্গিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2008, 10:00 AM

Updated : 26 Aug 2022, 02:35 PM

বরিশাল, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালে ২০০৫ সালের ১৭ আগস্ট নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর বোমা হামলার আরেকটি মামলায় চার জঙ্গিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক রবিউল হাসান এ রায় দেন। দণ্ডিতরা হলেন- জিয়াউর রহমান জিয়া, জাহিদ বাবু, সরোয়ার হোসেন মল্লিক এবং আব্দুর রহিম। বর্তমানে এরা সবাই পলাতক। মামলার অপর নয় আসামিকে খালাস দেওয়া হয়েছে। এরা হলেন- জালাল আরেফিন, গোলাম মুর্শিদ রেজা, আবু সোলায়মান সুজন, মো. মারুফ, জসিমউদ্দিন, সাইফুল ইসলাম, আবু ইউসুফ মজুমদার, গিয়াস উদ্দিন ও আব্দুস সোবহান। বরিশালের শহরের বিভিন্ন স্থানে একযোগে বোমা হামলার ঘটনায় করা ১২টি মামলার মধ্যে এ পর্যন্ত১০টির রায় হয়েছে। এর মধ্যে তিনটি মামলায় মোট সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। বাকি সাতটি মামলায় সব আসামি খালাস পেয়েছেন। ২০০৫ সালের ১৭ আগস্ট বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের বাণিজ্য বিভাগের সামনে বোমা হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে কোতয়ালি থানায় মামলা করা হয়। ওই বছরের ২৫ ডিসেম্বর ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৫৫২ ঘ.