ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমানা পুনর্র্নিধারণ জটিলতার সমাধান না হওয়ায় তফসিল ঘোষণার নির্ধারিত তারিখের তিনদিন আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বললেন, নির্বাচন কমিশন 'ক্রিটিকাল স্টেজ' পার করছে। কমিশন এখন কথা বলার জন্যে প্রস্তুত নয়।
বুধবার বিকালে নিজের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।
আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় এবং ২৪ ও ২৮ ডিসেম্বর উপজেলা নির্বাচন অনুষ্ঠানের জন্য ২ নভেম্বর কমিশনের তফসিল ঘোষণা করার কথা।
গত শনিবার জেলা প্রশাসকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি তফসিল ঘোষণার এই সময়সূচি জানান।
এরপর মঙ্গলবার তিনি এক অনুষ্ঠানে বলেন, "১৮ ডিসেম্বর একটি সফল নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ২০০৯ সালের জানুয়ারিতে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে চাই। এ লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি কমিশনের রয়েছে।"
বুধবার নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন এর কাছে সাংবাদিকরা জানতে চান, সীমানা পুনর্র্নিধারণ সংক্রান্ত জটিলতায় নির্বাচনী তফসিল ঘোষণা পিছিয়ে যাবে কি না। তারা জানান, বিষয়টি আদালতে বিচারাধীন। কাজেই এ ব্যাপারে কোনো মন্তব্য নয়।
একই প্রশ্নের জবাবে এ টি এম শামসুল হুদা সাংবাদিকদের বলেন, "এখন এসব নিয়ে লেখালেখির সময় নয়। যখন তৈরি হব তখন কথা বলব।"
মঙ্গলবার এম সাখাওয়াত হোসেন বিবিসিকে বলেন, সীমানা পুনর্র্নিধারণ সমস্যার নিরসন না হলে নির্বাচনী তফসিল ঘোষণা দুএকদিন পিছিয়ে যেতে পারে। একই সঙ্গে তিনি নির্ধারিত সময়ে তা করতে পারার ব্যাপারেও আশা প্রকাশ করেন।
বর্তমান নির্বাচন কমিশন সংসদীয় আসনের সীমানা পুনর্র্নিধারণ করে গত ১০ জুলাই গেজেট প্রকাশ করে।
এর বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক বিমান প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা আবদুল মান্নান গত ৬ আগস্ট একটি রিট আবেদন করেন।
এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ৭ আগস্ট ওই গেজেটের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করে দেয়।
ওই গেজেট কেন সংবিধান পরিপন্থী ও বাতিল ঘোষণা করা হবে না- নির্বাচন কমিশন ও সরকারের কাছে তার কারণ জানতে চায় আদালত।
একই ব্যাপারে আরও দুটি রিট আবেদন হলে আদালত সবগুলো রিটের শুনানি একসঙ্গে শুরু করে।
এসব রিটের ওপর বুধবার ষষ্ঠ দিনের মতো শুনানি হয়।
বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/এসকে/২২১৩ঘ.
bdnews24