ঢাকা, ২৯শে অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের অরিগন অঙ্গরাজ্যের অ্যাডজুট্যান্ট জেনারেল এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন ন্যাশনাল গার্ড বিমান ও স্থল বাহিনীর কমান্ডার মেজর জেনারেল রেমন্ড রিজ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোঃ আব্দুল মুবিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
মেজর জেনারেল রেমন্ড রিজ অরিগন ন্যাশনাল গার্ড ও বাংলাদেশের মধ্যে অংশীদারিত্বের অঙ্গীকার ব্যক্ত করে মার্কিন অঙ্গরাজ্যটির গভর্নর কুলোঙ্গস্কির একটি ঘোষণাপত্র লেফটেন্যান্ট জেনারেল মোঃ আব্দুল মুবিনের কাছে হস্তান্তর করেন।
মার্কিন ন্যাশনাল গার্ডের স্টেট পার্টনারশিপ প্রোগ্রাম (এসপিপি)-এর আওতায় অরিগন ন্যাশনাল গার্ড এবং বাংলাদেশের মধ্যে একটি স্থায়ী অংশীদারিত্ব গড়ে তোলাই মেজর জেনারেল রেমন্ড রিজের চলতি সফরের উদ্দেশ্য বলে মার্কিন দূতাবাসের তথ্যকেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের অনুরোধে এই অংশীদারিত্ব প্রতিষ্ঠা করা হচ্ছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ন্যাশনাল গার্ডের স্টেট পার্টনারশিপ প্রোগ্রাম (এসপিপি) বিভিন্ন দেশ এবং যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যসমূহের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও বৃদ্ধির জন্য সেতুবন্ধন হিসেবে কাজ করে থাকে। এসপিপি শুধু সামরিক পর্যায়ে সম্পর্ক উন্নয়নের জন্যই কাজ করে না, এটি সামরিক ও বেসামরিক উভয় পর্যায়ে পেশাদারদের বর্ধিত পারস্পরিক বিনিময়ের একটি ক্ষেত্রও তৈরি করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এসপিপি'র আওতায় ৫০টিরও বেশি দেশ যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যসমূহের সঙ্গে সম্পর্কিত। এসব অংশীদারিত্বের অধীনে নানারকম অভিন্ন নিরাপত্তা ইস্যু নিয়ে কাজ করা হয়। এর মধ্যে রয়েছে সীমান্ত নিরাপত্তা, দুর্যোগে সাড়া প্রদান, মানবিক সহায়তা, যুদ্ধকালীন চিকিৎসা প্রশিক্ষণ, মাদক প্রতিরোধ, বেসামরিক কর্র্তৃপক্ষের জন্য সামরিক সহায়তা, শান্তিরক্ষা কার্যক্রম এবং বন্দর নিরাপত্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১৮২১ঘ.
bdnews24