২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুক্তি অনুযায়ী আরও শ্রমিক নেবে কাতার

কাতারের শ্রমমন্ত্রী সুলতান বিন হাসান আল দোসারি বলেছেন, বাংলাদেশের সঙ্গে করা চুক্তি অনুযায়ী তার দেশ আরও দক্ষ ও স্বল্প দক্ষ শ্রমিক নেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2008, 12:17 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাতারের শ্রমমন্ত্রী সুলতান বিন হাসান আল দোসারি বলেছেন, বাংলাদেশের সঙ্গে করা চুক্তি অনুযায়ী তার দেশ আরও দক্ষ ও স্বল্প দক্ষ শ্রমিক নেবে। বুধবার ফিলিপাইনে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীকে আল দোসারি বলেন, তার দেশ বাংলাদেশী কর্মীদের স্বাগত জানায় এবং কাতারের অর্থনীতিতে তাদের অবদানকে মূল্যায়ন করে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। অভিবাসন সম্মেলনে যোগ দিতে পররাষ্ট্র উপদেষ্টা বর্তমানে ফিলিপাইনে অবস্থান করছেন। কাতারের শ্রমমন্ত্রী চলতি বছরের ৫ জানুয়ারি ঢাকা সফর করেন। সে সময় তিনি বাংলাদেশ থেকে আরো শ্রমিক নেওয়ার ব্যাপারে একটি চুক্তিতে সই করেন। ওই চুক্তি অনুযায়ী কাতারের বিভিন্ন খাতে ১৫ হাজারেরও বেশি বাংলাদেশী দক্ষ ও স্বল্প দক্ষ শ্রমিক নিয়োগ দেবে দেশটি। এদের মধ্যে চিকিৎসক, প্রকৌশলী, সেবিকা ও গৃহকর্মীরাও থাকবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে কাতারে প্রায় ৭০ হাজার বাংলাদেশী কাজ করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/কিউএইচ/জেকে/এসকে/১৮০৮ঘ.