২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী ও শিশু পাচার মামলা তদন্তে আরও সচেতন হওয়ার নির্দেশ

নারী ও শিশু পাচার সংক্রান্ত মামলার তদন্তে আরও সচেতন হওয়ার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2008, 04:43 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী ও শিশু পাচার সংক্রান্ত মামলার তদন্তে আরও সচেতন হওয়ার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত নারী ও শিশু পাচার রোধ সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ নির্দেশ দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। সভায় জানানো হয়, গত একমাসে দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতনের অভিযোগে দায়ের করা ছয়টি মামলার নিষ্পত্তি হয়েছে। তিনটি মামলায় অভিযুক্তদের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। বাকি তিনটি মামলায় অভিযুক্তরা খালাস পেয়েছে। একই সময়ে পুলিশ আরো ১৬টি মামলার তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে। স্বরাষ্ট্র সচিব আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উর্দ্ধতন সরকারি কর্মকর্তা, আইনজীবী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় নারী ও শিশু নির্যাতন মামলার তদন্ত দ্রুত নিষ্পত্তি করার জন্যও নির্দেশ দেওয়া হয়। এছাড়া নারী ও শিশু পাচার বা নির্যাতনের কুফল সম্পর্কে মসজিদে খুতবাসহ বিভিন্ন উপাসনালয়ে আলোচনা করতে ইমামসহ ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানানোর অনুরোধ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২২৩১ঘ.