ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালী, গুলশান ও বনানী এলাকায় মঙ্গলবার অভিযান চালিয়ে বিক্রিনিষিদ্ধ আট ব্র্যান্ডের গুঁড়ো দুধ জব্দ এবং ৯০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা ও বিএসটিআই প্রতিনিধি দলের অভিযানে র্যাবের একটি দল সহায়তা দেয়।
র্যাব কর্মকর্তা মেজর সাইফুল আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেলামাইন ধরা পড়া আটটি ব্র্যান্ডের গুঁড়ো দুধ বিক্রির উদ্দেশ্যে দোকানে মজুদ, প্রদর্শন ও বিক্রি করার অপরাধে প্রায় ৫০টি প্যাকেট ও কৌটা জব্দ করার পাশাপাশি পাঁচটি দোকানকে জরিমানা করা হয়েছে।
রাতে র্যাব এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুলশান- ২ এ আবীর জেনারেল স্টোর, শুভ জেনারেল স্টোর, টাঙ্গাইল স্টোর, বনানী কাঁচা বাজারের রেইনবো স্টোর ও মহাখালী এলাকার এনবি জেনারেল স্টোরে অভিযান চালানো হয়। এসব দোকানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে, পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল থেকেই পুলিশের মহা পরিদর্শকের (আইজি) নির্দেশে নিষিদ্ধ আট ব্র্যান্ডের গুঁড়ো দুধ জব্দ ও জরিমানা করার অভিযান সারাদেশে শুরু হয়েছে।
বিক্রিনিষিদ্ধ মেলামাইনযুক্ত গুড়ো দুধ হলো- ডিপ্লোমা, রেডকাউ, ডানো, ইয়াশলি- ১, ইয়াশলি- ২,সুইট বেবি, নিডো ফর্টিফায়েড ও এনলিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/এসকে/২০৫০ ঘ.
bdnews24