২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রিটের পঞ্চম দিন শুনানি

হাইকোর্টে পঞ্চম দিনের মতো জাতীয় সংসদের সীমানা পুনর্নির্ধারণের বৈধতা নিয়ে রিটের শুনানি হয়েছে। মঙ্গলবার বিচারপতি মীর হাসমত আলী ও বিচারপতি শামীম হাসনাইনের বেঞ্চ শুনানি গ্রহণ করেন। বুধবারও শুনানি চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2008, 12:41 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- হাইকোর্টে পঞ্চম দিনের মতো জাতীয় সংসদের সীমানা পুনর্নির্ধারণের বৈধতা নিয়ে রিটের শুনানি হয়েছে। মঙ্গলবার বিচারপতি মীর হাসমত আলী ও বিচারপতি শামীম হাসনাইনের বেঞ্চ শুনানি গ্রহণ করেন। বুধবারও শুনানি চলবে। শুনানিতে রিটকারী আবদুল মান্নানের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট টি এইচ খান বলেন, জাতীয় সংসদের প্রত্যেকটি নির্বাচনী এলাকার জন্য একটি ভোটার তালিকা থাকবে। নির্বাচন কমিশন তা না করে ভোটার তালিকা তৈরির জন্য সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করেছে। নির্বাচন কমিশনের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম বলেন, আইন অনুযায়ী আদমশুমারির পর জাতীয় সংসদ আসনের সীমানা পুনর্নির্ধারণ করতে হবে। ওই আইনি বাধ্যবাধকতায়ই নির্বাচন কমিশন সীমানা পুনর্নির্ধারণ করেছে। তিনি আরও বলেন, ভোটার তালিকা তৈরির পরে সীমানা পুনর্নির্ধারণ হলে কোন সমস্যা নেই। নির্বাচন কমিশন কোন অসৎ উদ্দেশ্যে এটি করেনি। গত ৬ আগস্ট সাবেক বিমান প্রতিমন্ত্রী ও ঢাকা-২ নবাবগঞ্জ আসনের সাবেক বিএনপি সাংসদ আবদুল মান্নান সীমানা পুনর্নির্ধারণের বৈধতা নিয়ে রিট দায়ের করেছিলেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ আগস্ট জাতীয় সংসদের সীমানা পুনর্নির্ধারণের গেজেটের কার্যতারিতা তিন মাসের জন্য স্থগিত করেছিল হাইকোর্ট। পাশাপাশি হাইকোর্ট ওই গেজেট কেন সংবিধান পরিপন্থি ও বাতিল ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে নির্বাচন কমিশন ও সরকারের প্রতি রুলনিশি জারি করেছিল। একই বিষয় নিয়ে এ বি এম নুরুল ইসলাম ও আরিফুর রহমানও রিট দায়ের করেছিলেন। সবগুলো রিটের একসঙ্গে শুনানি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৮৩৪ঘ.