২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দণ্ডিত সাবেক সাংসদ মনির আত্মসমর্পণ, অতপর কারাগারে

ত্রাণের টিন আত্মসাতের দায়ে ১৪ বছর সাজাপ্রাপ্ত সাবেক সাংসদ নূরুল ইসলাম মনি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2008, 08:52 AM

Updated : 26 Aug 2022, 02:34 PM

বরগুনা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রাণের টিন আত্মসাতের দায়ে ১৪ বছর সাজাপ্রাপ্ত সাবেক সাংসদ নূরুল ইসলাম মনি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বরগুনা জেলা বিএনপির সভাপতি মনি মঙ্গলবার সকালে বরগুনার অতিরিক্ত দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। আদালতে তার পক্ষে জামিনের আবেদন করা হলেও বিচারক মোশাররফ হোসেন 'বিবেচনার এখতিয়ার এ আদালতের নেই' উল্লেখ করে মনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জরুরি বিধিমালার ওই মামলায় মনির সঙ্গে সাজাপ্রাপ্ত তার ছোট ভাই পাথরঘাটা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জামালও আদালতে আত্মসমর্পণ করেন। তাকেও কারাগারে পাঠানো হয়। ত্রাণের টিন আত্মসাতের ঘটনায় জরুরি বিধিমালায় দায়ের করা ওই মামলায় বরগুনা-২ (বামনা-পাথরঘাটা) আসনের সাবেক সাংসদ মনিসহ চার জনকে গত বছরের ৪ নভেম্বর সাজা দেন বরগুনার তৎকালীন অতিরিক্ত দায়রা জজ শাহজাহান মজুমদার। গত বছরের ১৮ ফেব্র"য়ারি মামলাটি দায়ের করেন পাথরঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কাইউম খান। তদন্ত শেষে ওই বছরেরই ২৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন পাথরঘাটা থানার উপ-পরিদর্শক শেখ হেলাল উদ্দিন। ওই মামলার রায়ে বলা হয়, মনি ক্ষমতার অপব্যবহার করে ২০০৫ সালের ১৬ জুন থেকে ২০০৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত দুস্থদের জন্য বরাদ্দ ৬৪৫ বান্ডিল ত্রাণের ঢেউটিন আত্মসাৎ করেন, যা পাথরঘাটা বিএনপি কার্যালয় নির্মাণে ব্যবহৃত হয়। জরুরি অবস্থা জারির পর ২০০৭ সালের ১৮ ফেব্র"য়ারি যৌথবাহিনী টিনগুলো উদ্ধার করে। ওই মামলায় সজাপ্রাপ্ত অপর দুই আসামিদের মধ্যে অ্যাডভোকেট শামসুদ্দিন আহম্মেদ বরগুনা কারাগারে রয়েছেন। অপর জন জামাল হোসেন পলাতক। মনি ও তার ভাই এতদিন পর্যন্ত পলাতক ছিলেন। মনির বিরুদ্ধে চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগে আরও পাঁচটি মামলা বিচারাধীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৪৫ ঘ.